সাগরে গোসল করতে নেমে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার
পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্র প্লাবন আহমেদের (১৯) লাশ প্রায় ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল ছয়টার দিকে কুয়াকাটার সৈকত থেকে সমুদ্রের প্রায় এক কিলোমিটার ভেতরে জেলেদের জালে লাশটি আটকা পড়ে। এরপর কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহায়তায় স্থানীয় জেলেরা লাশটি নিয়ে আসেন।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর ফসিউর রহমান বলেন, ‘শুক্রবার দুপুের প্লাবন নিখোঁজ হওয়ার পর থেকে গভীর রাত পর্যন্ত সাগরে সন্ধান করা হয়। গতকাল সকালে জেলেদের জালে লাশটি আটকা পড়ে। এরপর সাগর থেকে লাশ উদ্ধার করে তীরে আনা হয়। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
প্লাবন আহমেদ মাগুরা জেলা শহরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন। সে সদর উপজেলার বেলনগর গ্রামের মো. মোশারেফ হোসেনের ছেলে।