সাগরে ছয় বস্তা ইয়াবা ফেলে পালাল পাচারকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা। ফাইল ছবি
ইয়াবা। ফাইল ছবি

৫ লাখ ৩০ হাজার ইয়াবা বড়ি নাফ নদী ও সাগরে ফেলে পালাল পাচারকারীরা। এর মধ্যে একটি ঘটনায় ট্রলার জব্দ করতে পারলেও কোনো পাচারকারীকে আটক করতে পারেনি কোস্টগার্ডের সদস্যরা। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২৬ কোটি ৫০ লাখ টাকা।

আজ বুধবার বিকেল চারটায় নাফ নদী ও মঙ্গলবার দিবাগত রাত আটটার দিকে সাগরে এ অভিযান দুটি পরিচালনা করেন টেকনাফ কোস্টগার্ড স্টেশনের সদস্যরা। সদর দপ্তর বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী অপারেশন পরিদপ্তর (গোয়েন্দা শাখা) সহকারী গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার বি এন আবদুল্লাহ আল মারুফ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ আল মারুফ বলেন, আজ বিকেলে নাফ নদীর দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে আনার সময় টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় একটি সন্দেহভাজন ট্রলারকে সংকেত দিয়ে ট্রলারে থাকা তিনজন পাচারকারী নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ট্রলার থেকে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করতে সক্ষম হলেও কাউকে আটক করা যায়নি। ট্রলারটি জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাত আটটার দিকে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়া-সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহভাজন একটি ট্রলারকে ধাওয়া করলে কয়েকজন পাচারকারী তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত মিয়ানমারের জলসীমানার দিকে পালিয়ে যায়। পরে ভাসমান অবস্থায় তিনটি বস্তার ভেতর থেকে দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ ইয়াবা বড়িগুলো টেকনাফ থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার বি এন আবদুল্লাহ আল মারুফ বলেন, চলতি বছরের (জানুয়ারি থেকে ১১ এপ্রিল) পর্যন্ত টেকনাফ, সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপের সাগর, নাফ নদী ও বিভিন্ন এলাকা থেকে ৫২ লাখ ৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

টেকনাফ মডেল ওসি রণজিৎ কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘আজ বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোস্টগার্ড কোনো ধরনের ইয়াবা থানায় জমা দেননি। তবে দুটি অভিযানের খবর শুনেছি।’