সাগরে ঝড়ের কবলে পড়ে জেলের মৃত্যু, নিখোঁজ ৫
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে বাসুদেব অধিকারী (৩০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও পাঁচ জেলে।
বাসুদেবের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার বাউখোলা গ্রামে।
সাগর থেকে ফিরে আসা তালা উপজেলার পরানপুর গ্রামের গণেশ চন্দ্র বিশ্বাস ও চাঁদকাটি গ্রামের আনিস শেখ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ইঞ্জিনচালিত দুটি নৌকায় (ট্রলার) তাঁরা ৯ জন ১২ অক্টোবর সাগরে যান। সাগরের আলোরকল এলাকায় গত শুক্রবার ঝড়ের কবলে পড়েন। একপর্যায়ে তাঁদের ট্রলার দুটি ডুবে যায়। তিনজন সাঁতরে তীরে ওঠেন। কিন্তু বাসুদেব অধিকারীর মৃত্যু হয়। এ ছাড়া উপজেলার বাউখোলা গ্রামের হাসান শেখ, শ্রীপদ অধিকারী, পিন্টু অধিকারী, কাঁচিকাটা গ্রামের কুমারেশ বিশ্বাস ও শ্রীমন্তকাটি গ্রামের উত্তম বিশ্বাস এখনো নিখোঁজ রয়েছেন।
উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন বলেন, গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বাসুদেবের লাশ তাঁর বাড়িতে আনা হয়। এ ছাড়া নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।