সাগরে ট্রলারডুবি, অপহৃত ছয় মাঝি উদ্ধার
বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে অপহৃত মাঝিদের নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ট্রলারে থাকা ছয় মাঝিকে উদ্ধার করা হয়েছে। তবে ট্রলারে থাকা দস্যুরা সাঁতরে সুন্দরবনে চলে গেছে। গতকাল মঙ্গলবার বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ট্রলারমালিক ফোরকান মিয়ার উদ্ধৃতি দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গতকাল বিকেলে এ খবর নিশ্চিত করেন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির কয়েকজন নেতা ও ট্রলারমালিক ফোরকান মিয়া বলেন, বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় এফবি মা-বাবার দোয়া-১, এফবি মা-বাবার দোয়া-২-সহ পাথরঘাটা ও শরণখোলার বেশ কয়েকটি ট্রলার মাছ ধরছিল। মঙ্গলবার বেলা ১০টার দিকে ছয়জনের দস্যুদল ওই ট্রলারে হামলা চালিয়ে বেশ কিছু ইলিশ, মন্টু মাঝি, দেলোয়ার মাঝিসহ ছয়জনকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। এ সময় সাগর থেকে সুন্দরবনের খালে ঢুকতেই দস্যুদের ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা সশস্ত্র ছয় দস্যু সাঁতরে সুন্দরবনে চলে যায়। তবে অপহৃত ছয় মাঝি দস্যুদের থেকে বাঁচতে সাগরে ভাসতে থাকেন। দেড় ঘণ্টা পর শরণখোলার একটি মাছ ধরার ট্রলার ওই ছয় মাঝিকে উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ট্রলারে তাঁরা পাথরঘাটার উদ্দেশে রওনা হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এফবি মা-বাবার দোয়া-১ ও এফবি মা-বাবার দোয়া-২ ট্রলারের মালিক মো. ফোরকান মিয়া গতকাল বিকেলে বলেন, মুক্তিপণের দাবিতে অপহৃত মন্টু মাঝি ও দেলোয়ার মাঝিকে ভাসমান অবস্থায় শরণখোলার জেলেরা উদ্ধার করেছেন। সাগরে ভাসমান অপর চার মাঝিকেও তাঁরা উদ্ধার করে শরণখোলার দিকে রওনা হয়েছেন। তবে ওই চার মাঝির নাম জানা যায়নি।
এ ব্যাপারে কোস্টগার্ডের মোংলা ক্যাম্পের অধিনায়ক মো. রেজাউল হাসান বলেন, ট্রলারডুবির ঘটনা শুনে কোস্টগার্ডের একটি দল পাঠানো হয়েছে। তারা ফিরে না আসা পর্যন্ত কোনো তথ্য দেওয়া যাচ্ছে না।