সাগরে ট্রলারসহ ৮ মাঝিকে অপহরণ, মাছ লুট
বঙ্গোপসাগরের সুন্দরবনসংলগ্ন নারিকেলবাড়িয়া ও দুধমুখী এলাকায় পৃথক ঘটনায় একটি ট্রলারসহ আট মাঝিকে অপহরণ এবং পাঁচটি ট্রলার থেকে মাছসহ বিভিন্ন জিনিস লুট করেছে জলদস্যুরা। গতকাল বুধবার ও গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।
সাগরে ডাকাতি ও জেলে অপহরণের ঘটনা কোস্টগার্ডের পশ্চিম জোনের মোংলা বেইজ অধিনায়ক লে. রেজাউল হাসান গতকাল নিশ্চিত করেছেন।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন বলেন, সাগরের নারিকেলবাড়িয়া ও দুধমুখী এলাকায় অন্তত ২০টি ট্রলারে মাছ ধরছিলেন জেলেরা। মঙ্গলবার রাতে ও গতকাল ভোরে ওই জেলেবহরে হানা দিয়ে এফবি মনোয়ারা ট্রলার এবং মোট আটটি ট্রলার থেকে আট মাঝিকে শান্ত ও জিরো বাহিনীর দস্যুরা মুক্তিপণের দাবিতে অপহরণ করে সুন্দরবনে নিয়ে যায়। এ সময় জলদস্যুরা ওই এলাকার আরও অন্তত পাঁচটি ট্রলারে হানা দিয়ে প্রায় ১০ লাখ টাকার ইলিশ, জ্বালানি তেল ও খাওয়ার পানি লুট করে নিয়ে যায়। অপহৃত মাঝিরা হলেন ইদ্রিস, সিরাজ, ফজলু, শাহজাহান, শাহআলম, বেল্লাল হোসেন, জাফর মিয়া ও বাদল কবিরাজ। তাঁদের মুক্তিপণ হিসেবে জিরো বাহিনীর দস্যুরা মুঠোফোনে জনপ্রতি ৫০ হাজার টাকা দাবি করেন।
কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার সৈয়দ আবদুর রউফ বলেন, এ ঘটনায় আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।