সাগরে দস্যুদের গুলিতে জেলে নিহত, একজনকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সুন্দরবন-সংলগ্ন কচিখালী এলাকায় গত শুক্রবার জলদস্যুদের গুলিতে ইসমাইল কাজী (৩০) নামের এক জেলে নিহত হয়েছেন। এ সময় দস্যুদের পিটুনিতে চার জেলে আহত হন। দস্যুরা জেলেদের ট্রলারের চালককেও অপহরণ করে নিয়ে গেছে। আহত জেলেরা এ কথা জানিয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ও ট্রলার শ্রমিক ইউনিয়ন যৌথভাবে তিন দিনের ট্রলার ধর্মঘট ডেকেছে। গতকাল শনিবার থেকে দক্ষিণ উপকূলের কোনো মাছ ধরা ট্রলার বঙ্গোপসাগরে যায়নি। তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে কালো পতাকা ও ব্যাজ ধারণ, আজ রোববার জেলেদের নিরাপত্তা ও ইসমাইলের হত্যাকারী দস্যুদের গ্রেপ্তারের দাবিতে বরগুনা জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং সোমবার পাথরঘাটায় মানববন্ধন কর্মসূচি পালন। জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গতকাল দুপুরে এ কর্মসূচি ঘোষণা করেন।
দস্যুদের মারধরের শিকার জেলে নাসির মোল্লা ও কাজী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সুন্দরবন-সংলগ্ন কচিখালী এলাকায় শুক্রবার রাত আটটার দিকে একটি ট্রলারে মাছ ধরছিলেন তাঁরা। সে সময় ১৫ জনের একটি দস্যু দল আকস্মিক ট্রলারে হানা দিয়ে গুলি চালায়। এতে ইসমাইল কাজী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ট্রলারে উঠে বাকি জেলেদের বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে দস্যুরা। পরে ট্রলারের মাঝি রিয়াজ হাওলাদারকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা। এ সময় দস্যুদের মারধরে তাঁরা দুজনসহ ইসমাইল খাঁ ও রিয়াজ হাওলাদার আহত হন।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আহত জেলেরা ইসমাইল কাজীর লাশ নিয়ে পাথরঘাটায় আসেন। পরে লাশ বরগুনার পাথরঘাটা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহত চার জেলেকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পাথরঘাটা উপজেলা ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন বলেন, ইসমাইল কাজী ও অন্য জেলেরা ঘূর্ণিঝড় সিডরের পর ক্ষতিগ্রস্ত জেলে হিসেবে একটি বিদেশি দাতা সংস্থার কাছ থেকে ত্রাণসহায়তা হিসেবে একটি ট্রলার পান। যৌথ মালিকানার ওই নামবিহীন ট্রলারটি নিয়ে তাঁরা সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক গতকাল বিকেলে বলেন, ইসমাইলের লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আবদুর রউফ বলেন, ঘটনার পর সুন্দরবন-সংলগ্ন এলাকার কোস্টগার্ডের তিনটি স্টেশনের সদস্যরা যৌথ অভিযান শুরু করেছেন।