সাগরে দস্যুর গুলিতে জেলে নিহত, মাঝি অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সুন্দরবনসংলগ্ন কচিখালী এলাকায় ট্রলারে ধরার সময় জলদস্যুর গুলিতে ইসমাইল কাজী (৩০) নামের এক জেলে নিহত হয়েছেন। দস্যুদের বেধড়ক পিটুনিতে চার জেলে আহত হয়েছেন। দস্যুরা ট্রলারের মাঝিকে অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটেছে।
আজ শনিবার দুপুরে আহত চার জেলে ইসমাইলের লাশ নিয়ে বরগুনায় পাথরঘাটায় নিয়ে গেলে এ ঘটনা জানাজানি হয়। জেলেরা লাশ পাথরঘাটা থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত জেলেদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত জেলেরা প্রথম আলোকে বলেন, নিহত ইসমাইলসহ তাঁদের বাড়ি পাথরঘাটা উপজেলার রূপদোন গ্রামে। গতকাল রাতে তাঁরা বঙ্গোপসাগরে কচিখালী এলাকায় একটি ট্রলারে চড়ে মাছ ধরছিলেন। তখন এক দল দস্যু তাঁদের ট্রলার লক্ষ করে গুলি চালায়। এতে ইসমাইল কাজী গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে দস্যুরা ট্রলারে উঠে বাকি জেলেদের বেধড়ক পেটায়। পরে ট্রলারের মাঝি রিয়াজ হাওলাদারকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ঘটনার পর সুন্দরবন-সংলগ্ন এলাকার কোস্টগার্ডের তিনটি স্টেশনের সদস্যরা যৌথভাবে অভিযান শুরু করেছে।