কক্সবাজারের মহেশখালী উপকূলে গত শুক্রবার গভীর রাতে দুটি মাছ ধরা নৌকায় লুটপাট করেছে জলদস্যুরা। এ সময় জলদস্যুদের মারধরে ও ছররা গুলিতে ১০ জেলে আহত হয়েছেন।
আহত জেলেরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়ার মালিকানাধীন এফবি নিশান ও পৌর কাউন্সিলর আব্দু শুক্কুরের মালিকানাধীন এফবি ওয়ালি নামের দুটি মাছ ধরা নৌকা নিয়ে তাঁরা বঙ্গোপসাগরে মাছ ধরতে যান।
জেলেরা জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার সময় নৌকা দুটি জলদস্যুদের কবলে পড়ে। এ সময় জলদস্যুদের মারধরে আট জেলে আহত হন। এ ছাড়া জলদস্যুদের ছোড়া ছররা গুলিতে দুজন গুলিবিদ্ধ হন।
জেলেদের দাবি, জলদস্যুরা দুটি নৌকা থেকে অন্তত আট লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
গুলিবিদ্ধ মোহাম্মদ নেছার (৩৮) ও মোহাম্মদ মিজানকে (৩০) কক্সবাজার সদর হাসপাতালে এবং মাথায় আঘাত পাওয়া মোহাম্মদ হালিয়াকে (৪০) মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এফবি ওয়ালির মালিক আব্দু শুক্কুর বলেন, সম্প্রতি সাগরে জলদস্যুরা সক্রিয় হয়ে উঠেছে। প্রায়ই জেলেদের নৌকায় হামলা চালাচ্ছে জলদস্যুরা।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বলেন, এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।