সাগরে ভাসছিল ইয়াবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে একটি চরের কাছে ভাসমান অবস্থায় প্রচুর ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড। পরে গণনা করে দেখা যায় এ সংখ্যা ৪ লাখ ২০ হাজার। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক আটটার দিকে উত্তর শাহপরীর দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে একটি চরের কাছ থেকে এ ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়। কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লে. জাফর ইমাম সজীব প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
কমান্ডার লে. জাফর ইমাম সজীব বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে খবর আসে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল নাফনদীর মোহনায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে একটি ট্রলার বাংলাদেশের দিকে আসতে দেখে এটিকে থামানোর সংকেত দেওয়া হয়। ট্রলারটি না থামার কারণে কোস্টগার্ডের স্পিডবোট ধাওয়া করে। ইয়াবা পাচারকারীরা একপর্যায়ে বস্তাভর্তি ইয়াবাগুলো সাগরে ফেলে দিয়ে শাহপরীর দ্বীপ সংলগ্ন একটি বালুর চরে ট্রলারটি উঠিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ভাসমান অবস্থায় ৪ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। কিন্তু আরও ইয়াবা বড়ি আছে কিনা তা জানতে (আজ) শনিবার সকাল থেকে ওই এলাকায় তল্লাশি করা হচ্ছে। ট্রলারটি বালুর চরে আটকা পড়ায় কোস্টগার্ডের নজরদারিতে রাখা হয়েছে। পরে সেটি জব্দ করা হবে।