সাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতি, মাঝি অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে গত মঙ্গলবার রাতে একটি মাছ ধরার ট্রলারে ডাকাতি শেষে এক মাঝিকে অপহরণ করে নিয়ে গেছে দস্যুরা। অপহৃত মাঝি মো. জলিলের বাড়ি বরগুনার পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায়।
জেলে মো. খলিল ও কালামের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গতকাল বুধবার দুপুরে প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী জেলে ও ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, সাগরের মাদ্দারবাড়িয়া এলাকায় মঙ্গলবার রাত নয়টার দিকে এফবি আমেনা নামের একটি মাছ ধরা ট্রলার ডাকাতদের কবলে পড়ে। এ সময় ট্রলার থেকে ব্যাটারি, জ্বালানি তেল, জাল ও ১৫ হাজার বড়শি নিয়ে যায় ডাকাত দল। ডাকাতি শেষে ট্রলারের মাঝি জলিলকে অপহরণ করে নিয়ে যায় ডাকাতেরা।
দস্যুদের পরিচয় জানা না গেলেও মুঠোফোনে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করেছে তারা।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ড লে. এ এম রাহাতুজ্জামান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।