সাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতি, ১০ জনকে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে হানা দিয়ে মাছ, জালসহ মালামাল লুট করে নিয়েছে জলদস্যুরা। গত বুধবার সন্ধ্যায় ফেয়ারওয়ে বয়ার কাছে এ ঘটনা ঘটে। এ সময় ১০ জেলেকে জখম করে ডাকাতেরা।
আহত জেলেদের মধ্যে বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজেশ্বর গ্রামের ইসমাইল খাঁ, ইসমাইল মোল্লা, বেল্লাল, মনির হোসেন, আবদুল জলিল হাওলাদার ও আক্কাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইদ্রিস, আব্বাস, হারুন মোল্লা ও ফোরকানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত জেলেদের বরাত দিয়ে ট্রলার মালিক ইসমাইল খাঁ জানান, এক সপ্তাহ আগে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কার্যালয় থেকে অনুমতি নিয়ে এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলারে করে ১০ জেলে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। বুধবার সন্ধ্যায় একদল জলদস্যু ট্রলারে হানা দিয়ে জেলেদের জখম করে এবং মাছ, জাল ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। জলদস্যুরা অন্তত ৮ লাখ টাকার মালামাল লুট করে।