চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় গভীর সাগরে অভিযান চালিয়ে ১০ লাখ ইয়াবা বড়িসহ মাছ ধরার একটি ট্রলার জব্দ করেছে র্যাব। এ ঘটনায় এক ইয়াবা ব্যবসায়ীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া এ অভিযান গতকাল বুধবার ভোরে শেষ হয়।
গ্রেপ্তার আটজন হলেন ইয়াবা ব্যবসায়ী জয়নাল আবেদীন, তাঁর সহযোগী রবিউল আলম, মো. মফিজ, ট্রলারের মালিক সৈয়দ আলম এবং চার মাঝি আবদুস সালাম, মো. শফিক, আবদুর রহিম ও মো. কামাল। এর মধ্যে কামাল মিয়ানমারের নাগরিক। র্যাবের অভিযানে প্রথমে চার মাঝিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামের বহদ্দারহাট ও কক্সবাজার থেকে বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়।
ইয়াবা জব্দ ও আটজনকে গ্রেপ্তারের ঘটনায় গতকাল বিকেলে নগরের পতেঙ্গায় র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে সমুদ্রপথে ইয়াবার বড় বড় চালান চট্টগ্রামে আসছে। ‘এফভি ইমন’ নামের একটি মাছ ধরার ট্রলারে করে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রামে আসছে এমন তথ্য ছিল র্যাবের কাছে। পরে র্যাব অভিযান চালিয়ে ট্রলারটি জব্দ করে। এতে বরফ ও জাল থাকলেও মাছ ছিল না। তল্লাশি চালিয়ে ট্রলারের ভেতর থেকে ১০ লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চার মাঝির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব ইয়াবার মালিক জয়নাল আবেদীন, তাঁর সহযোগী রবিউল আলম ও ট্রলারের মালিক সৈয়দ আলমকে কক্সবাজারের কলাতলী থেকে এবং ইসলাম মামুনকে বহদ্দারহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার দাম প্রায় ৪০ কোটি টাকা। আটজনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে।
র্যাব অধিনায়ক মিফতাহ উদ্দিন আহমদ বলেন, আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, গত বছরের শেষ ১০ দিনে তাঁরা দুটি চালানে ১০ লাখ ও ৪ লাখ ৫০ হাজার ইয়াবা কক্সবাজারের টেকনাফ থেকে চট্টগ্রামে পাচার করেন। পাচারের সঙ্গে গ্রেপ্তার জয়নাল আবেদীনের মামাতো ভাই মো. মফিজের জড়িত থাকার তথ্য রয়েছে। তাঁকে ধরতে অভিযান চলছে।
সংবাদ সম্মেলনে ইয়াবা পাচার বন্ধে র্যাব অধিনায়ক মিফতাহ উদ্দিন আহমদ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এ সময় র্যাব-৭-এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক রুহুল আমিন ও মো. আমিরুল্লা উপস্থিত ছিলেন।