সাগরে মাছ ধরার ট্রলারে হামলায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলার বঙ্গোপসাগরে গত শুক্রবার প্রায় ৩০টি মাছ ধরার ট্রলারে দস্যুরা হামলা চালিয়েছে। এ সময় দস্যুদের ছোড়া গুলিতে এক জেলে নিহত হয়েছেন।
নিহত জেলের নাম সিডু মাঝি (৪২)। তাঁর বাড়ি দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার গতকাল রাতে বলেন, দস্যুর কবলে পড়া ট্রলারগুলোর কয়েকটি ইতিমধ্যে ফিরে এসেছে। নিহত জেলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাছ ধরার ট্রলারের মালিকপক্ষের লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দৌলতখান থেকে সাগরে মাছ শিকারে যায় মৎস্য ব্যবসায়ী কুদ্দুস মিয়ার মাছ ধরার ট্রলার এফবি ফারিহা। তাতে ১৯ জন মাঝি-মাল্লা ছিলেন। শুক্রবার সন্ধ্যায় ট্রলারটি নিয়ে ভোলা চরফ্যাশনের পশ্চিম-দক্ষিণে সাগরের কালকিনি এলাকায় মাছ ধরছিলেন জেলেরা। এ সময় জলদস্যুরা হামলা চালায়।
এফবি ফারিহার মাঝি (প্রধান) মোসলেহ উদ্দিন বলেন, দস্যুদের তিনটি ট্রলার হঠাৎ তাঁদের ধাওয়া করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় সিডু ও মিজানুর রহমান (৩৫) গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে সিডু ঘটনাস্থলেই মারা যান। একই স্থানে দৌলতখানের ৩০টি মাছ ধরার ট্রলার দস্যুর কবলে পড়ে।
মোসলেহ উদ্দিনের দাবি, দস্যুর ছোড়া গুলিতে বিভিন্ন ট্রলারের ৩৫ জন জেলে আহত হয়েছেন।
আরেকটি মাছ ধরার ট্রলারের মালিক আলমগীর হোসেন বলেন, দস্যুরা ধাওয়া ও গুলি করে তাঁর এফবি রাফিন নামের ট্রলারটি ডুবিয়ে দেয়। সেখানে থাকা ২০ জন জেলে সাঁতরে অন্য ট্রলারে উঠে উদ্ধার পান।
জলদস্যুদের হামলায় এফবি মা-৩, এফবি মাসুদ হাসান, এফবি মা জননী, এফবি সাদিয়ারসহ ৩০টি মাছ ধরার ট্রলার ক্ষতির শিকার হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ এফবি সাদিয়ার মাঝি রফিক সারেং ও আবদুল হেকিম নামের একজন চরফ্যাশন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।