সাগরে ১৪ ট্রলারে লুটপাট
কক্সবাজার সাগর উপকূলে আবারও জলদস্যুদের তাণ্ডব শুরু হয়েছে। মা-ইলিশ রক্ষার জন্য গত ১৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন জেলেরা ইলিশ ধরা বন্ধ রাখেন। এখন ইলিশ ধরতে গিয়ে জেলেরা জলদস্যুদের কবলে পড়ছেন।
পুলিশ ও জেলেরা জানান, গতকাল সোমবার সকাল ছয়টার দিকে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে দস্যুরা চৌফলদন্ডির সালাহ উদ্দিনের একটি ট্রলার জিম্মি করে পাঁচ লাখ টাকার মাছ ও জাল লুট করে। এ সময় ট্রলারের ১৪ জেলেকে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখা হয়। পরে আরেকটি ট্রলার ১৪ জেলেকে উদ্ধার করে।
ওই ট্রলারের জেলে আবদুল মতলব (৪৫) বলেন, ১৬ জনের মুখোশধারী জলদস্যু আরেকটি ট্রলার নিয়ে তাঁদের ধাওয়া করে। এরপর গুলি করে ট্রলারটি জিম্মি করে। দস্যুরা সবাই কক্সবাজারের অঞ্চলিক ভাষায় কথা বলেছে।
জেলেরা জানান, শনিবার গভীর রাতে কুতুবদিয়া সাগর চ্যানেলে একটি দস্যু দল একে একে সাতটি ট্রলারে লুটপাট চালিয়েছে। আগের দিন শুক্রবার রাত ১১টার দিকে দস্যুরা সোনারচর চ্যানেলে তিনটি ট্রলার জিম্মি করে লুটপাট চালায়। এ সময় দস্যুদের গুলিতে আহত হয়েছেন তিন জেলে।
তাঁরা হলেন মহেশখালীর শাহ আলমের মালিকানাধীন ট্রলারের মাঝি জাফর আলম, মাতারবাড়ির আবদুল শুক্কুরের ট্রলারের মাঝি জসিম উদ্দিন ও জাকের উল্লাহর ট্রলারের জেলে জহির আহমদ। গুলিবিদ্ধ এই তিন জেলেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত জাফর আলম (৪০) বলেন, কুতুবদিয়া থেকে টেকনাফ-সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার উপকূলে অন্তত ১২টি পৃথক দস্যু বাহিনীর চার শতাধিক সদস্য মাছ ধরার ট্রলারে লুটপাট চালাচ্ছে। সদস্যদের অধিকাংশ মিয়ানমারের রোহিঙ্গা। এদের হাতে থাকে অবৈধ বন্দুক, ধারালো অস্ত্র, তির-ধনুক। মাছ ধরে উপকূলে ফিরে আসার সময় দস্যুরা ট্রলারে হামলা চালায়।
কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বলেন, গত তিন দিনে ১৪টি ট্রলারে লুটপাট চালিয়েছে দস্যু দল। জলদস্যুদের তাণ্ডবে জেলেরা মাছ ধরতে পারছেন না। ইলিশ ধরার মৌসুমে দস্যুদের লুটপাটে জেলেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ বলেন, গভীর সাগরে নেমে জলদস্যুদের পাকড়াও করার মতো আধুনিক জলযান পুলিশের নেই। তার পরও পুলিশ দস্যুদের ধরতে উপকূলে অভিযান চালাচ্ছে।