সাগরে ২০টি ট্রলারসহ ৬০ জেলেকে অপহরণ
বঙ্গোপসাগরে জলদস্যুরা ২০টি ট্রলারসহ ৬০ জন জেলে ও মাঝিকে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময়ও ডাকাতি চলছিল বলে জানান জেলা ফিশিং বোট মালিক সমিতি ও জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির নেতারা।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গতকাল সন্ধ্যায় বলেন, সাগরে ডাকাতি শুরুর পর থেকেই র্যাব-৬ ও র্যাব-৮ এবং কোস্টগার্ডের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের বেশ কয়েকটি স্টেশনকে জানানো হয়েছে।
ট্রলার মালিক সমিতি ও ফিশিং বোট মালিক সমিতির নেতারা বলেন, গতকাল সকাল সাতটা থেকে কয়েকটি ট্রলারে করে ২৫-৩০ জন দস্যু আসে। তারা কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি থেকে তালতলী ফাতরার জঙ্গল-সংলগ্ন সাগরে মাছ ধরারত অন্তত ১০০টি ট্রলারে হানা দেয়। দস্যুরা এসব ট্রলার থেকে ইলিশ, জাল ও অন্য মালামাল লুট করে। এ সময় তারা ২০টি মাছ ধরার ট্রলার এবং ৬০ জন জেলে ও মাঝিকে অপহরণ করে।
জেলা ফিশিং বোট মালিক সমিতির কয়েকজন নেতা বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলেরা মুঠোফোনে তাঁদের জানান, ট্রলারে দস্যুদের লুণ্ঠন অব্যাহত রয়েছে।
এদিকে অপহৃত জেলেদের মধ্যে নবী হোসেন, শহিদুল ইসলাম, কবির হোসেন, জাকির হোসেন, সামছুল হক, ইদ্রিস আলী, মহিবুল্লাহ ও তালাশ মাঝি, আবদুর রাজ্জাক মাঝি, আবদুল জলিল মাঝি ও খলিলুর রহমান মাঝির নাম জানা গেছে। তাঁদের বাড়ি বরগুনার নলী, পাথরঘাটা, পটুয়াখালী জেলার কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটা এলাকায়।
অপহৃত ট্রলারের মধ্যে এফবি মা, এফবি আরিফ, এফবি নীল সাগর, এফবি জাহানারা, এফবি আবুল, এফবি আনোয়ারা, এফবি আবদুল্লাহ, এফবি জোলেখা, এফবি আলম ও এফবি আনসারের নাম জানা গেছে।
জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি ইমরুল কায়েস গতকাল সন্ধ্যায় বলেন, ‘গত সোমবার আমরা খুলনায় র্যাব ও কোস্টগার্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বঙ্গোপসাগরে জেলেদের নিরাপত্তার দাবি জানিয়েছি। র্যাব ও কোস্টগার্ডের কর্মকর্তারা জেলেদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এর একদিন পরই সাগরে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটল।’
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আবদুর রউফ জানান, তাঁরা সকালে খবর পেয়ে অভিযানে যান এবং সারা দিন সেখানে অভিযান চালান। তাঁদের ধারণা, দস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ভারতীয় সীমানা-সংলগ্ন মান্দারবাড়িয়া ও উত্তর তালপট্টি এলাকায় অবস্থান নিয়েছে। এ জন্য তাদের ধরা যায়নি। তবে কোস্টগার্ডের টহল অব্যাহত আছে বলে জানান তিনি।