সাগরে ৩ ট্রলারে ডাকাতি, দুই জেলে গুলিবিদ্ধ
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের অদূরে পশ্চিমে বঙ্গোপসাগরে গত শনিবার রাতে তিনটি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় জলদস্যুদের গুলিতে দুই জেলে আহত হন। এ ছাড়া জলদস্যুদের মারধরে আহত হয়েছেন আরও অন্তত ১২ জন জেলে।
আহত জেলেরা বলেন, গত বৃহস্পতিবার তিনটি ট্রলার নিয়ে তাঁরা ৩৬ জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। শনিবার রাত ১১টার দিকে পশ্চিম বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলারগুলো জলদস্যুদের কবলে পড়ে। এ সময় দস্যুরা ট্রলারে উঠে তাঁদের মারধর করতে থাকে। একপর্যায়ে দস্যুদের ছোড়া গুলিতে আহত হন মকবুল আহমদ (৫০) এবং আবদুস শুক্কুর ওরফে কামাল (৪০)। এ ছাড়া দস্যুদের মারধরে আহত হন আরও অন্তত ১২ জন। জলদস্যুরা মালামাল লুট করে চলে যাওয়ার সময় ট্রলারগুলোর ইঞ্জিন বিকল করে দেয়। পরে গতকাল সোমবার সকালে অপর একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় তাঁরা সেন্ট মার্টিনে পৌঁছান।
জেলেদের অভিযোগ, জলদস্যুরা তিনটি ট্রলার থেকে মাছ, জাল, তেল, খাবার, মুঠোফোনসহ অন্তত আট লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ প্রথম আলোকে বলেন, বিদায়ী ইউএনও মো. শফিউল আলমের কাছে বিষয়টি জানার পর কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করে গুলিবিদ্ধ জেলেদের টেকনাফে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুলিবিদ্ধ দুই জেলেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, আহত পাঁচ জেলেকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুপ্তা দাশ বলেন, গুলিবিদ্ধ দুই জেলের শরীরের বিভিন্ন অংশে একাধিক গুলির চিহ্ন আছে। তাঁদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি।