সাগরে ৪০ ট্রলারে ডাকাতি, ৪৫ জেলেকে অপহরণ
বঙ্গোপসাগরের পক্ষীদিয়া, কটকা ও নারিকেলবাড়িয়া এলাকায় গত দুই দিনে ৪০টি ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় জলদস্যুরা মুক্তিপণের দাবিতে দুটি ট্রলারসহ কমপক্ষে ৪৫ জন জেলেকে অপহরণ করেছে।
ফিরে আসা জেলে ও ট্রলারমালিকদের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বুধবার সকাল আটটা থেকে আজ (গতকাল বৃহস্পতিবার) সকাল নয়টা পর্যন্ত সাগরে একটানা ডাকাতি করে জলদস্যু বাহিনী। দস্যুরা আগে রাতের আঁধারে সাগরে ডাকাতি করলেও এখন দিনের আলোয় করছে।
বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি জানান, গত বুধবার সকাল আটটা থেকে একটানা প্রায় ২৬ ঘণ্টা সাগরের ওই এলাকায় কমপক্ষে ৪০টি মাছ ধরা ট্রলারে হানা দিয়ে প্রায় ৩০০ মণ ইলিশ লুট করে নিয়ে যায় জলদস্যুরা। এই মাছের দাম প্রায় ৭৫ লাখ টাকা। এ সময় এফবি আল্লাহর দান ও এফবি মানিক নামের দুটি ট্রলারসহ ৪৫ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে দস্যুরা।
অপহৃত জেলেদের মধ্যে বাবুল হোসেন, জুলহাস মাঝি, ছগির মাঝি, খালেক মাঝি, আনোয়ার মাঝি, মাকসুদ মাঝি, লোকমান মাঝি ও আবদুর রহিম মাঝির নাম জানা গেছে। তাঁদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটায়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. রাহাত মুঠোফোনে বলেন, যেসব এলাকায় ডাকাতি হয়, সেসব স্থানে অভিযান চালানো হচ্ছে। এখনো জেলেদের উদ্ধার করা সম্ভব হয়নি।