সাগরে ৪১ 'রাজার' তাণ্ডব
কক্সবাজার উপকূলে জলদস্যুদের তাণ্ডব থামছে না। সাগরে মাছ ধরতে গেলে তাদের হামলার শিকার হচ্ছেন জেলেরা। প্রায় ১০০ কিলোমিটার সাগর উপকূল দাবড়ে বেড়াচ্ছে ৪১ জলদস্যু সর্দার। এ কথা বলেছেন কক্সবাজারের মাছ ধরা নৌকার মালিক ও জেলেরা।
জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, প্রায় ১০০ কিলোমিটারের সাগর উপকূল এখন ৪১ জলদস্যু সর্দারের দখলে। চলতি মাসের প্রথম ছয় দিনে টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া উপকূলে ১৮টি ট্রলার দস্যুদের কবলে পড়েছে। দস্যুরা ট্রলারের মাছ, জাল ও জ্বালানি লুটের পাশাপাশি বেদম মারধর করে জেলেদের সাগরে ফেলে দেয়। তিনি বলেন, ডাকাতি বেড়ে যাওয়ায় জেলেরা সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছেন।
প্রসঙ্গত, উপকূলে দস্যু সর্দারেরা ‘রাজা’ নামে পরিচিত।
ট্রলার মালিকেরা বলেন, গত ২৯ অক্টোবর তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে জলদস্যুদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। স্মারকলিপিতে চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার ৪১ জন জলদস্যুর নাম উল্লেখ করা হয়েছে।
৪১ জনের তালিকায় বাসিন্না, রবিউল, আহমদ নবী, রাকিব, সরওয়ার, জাহাঙ্গীর, আঞ্জু মিয়া, বক্কর, ফারুখ, রুহুল আমিন, জাম্বু, শফি, সাইফুল, সুমন, সিরাজ, আবদুর রহমান, আবদুল মোনাফ, জাহাঙ্গীর, আবদুস সবুর, আবদুল গফুর, সামশুল মাঝি, শিমুল, জয়নাল, ইউনুছ, কাউছার, দিদার, মকসুদ, সাদ্দাম, আবুল কালাম, সর্দার বাদল, সাহেদ, আকবর, বাদশা, রুহুল কাদের, ছালেহ আহমদ, রুবেল, আবুল কাসেম ও সেলিমের নাম রয়েছে।
দস্যুদের দ্রুত গ্রেপ্তার এবং সাগর উপকূল জলদস্যুমুক্ত করার দাবিতে গত শুক্রবার মহেশখালীতে মিছিল-সমাবেশ করেছেন জেলে ও ট্রলার মালিকেরা। মহেশখালী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আনছারুল করিম বলেন, সরকার সাগরে জেলেদের নিরাপত্তা না দিলে প্রায় এক লাখ জেলে-পরিবারে দুর্ভিক্ষ দেখা দেবে। দেশে তৈরি হবে মাছের সংকট।
জেলেরা বলেন, ৫ নভেম্বর সাগরের সোনাদিয়া চ্যানেলে মহেশখালীর কুতুবজোমের মাহমুদুল করিমের একটি ট্রলারে লুটপাট চালাচ্ছিল দস্যুরা। এ সময় কোস্টগার্ডের সদস্যরা সেখানে গিয়ে জামাল হোসেন ও জাহাঙ্গীর নামের দুই দস্যুকে আটক করেন। এ সময় ট্রলার নিয়ে পালিয়ে যায় আট দস্যু।
কোস্টগার্ডের কক্সবাজারের কন্টিনজেন্ট কমান্ডার নান্নু মিয়া বলেন, আটক ওই দুই দস্যুর কাছ থেকে অবৈধ বন্দুক ও রাইফেল উদ্ধার করা হয়। তিনি বলেন, ছোট কাঠের নৌকায় করে তাঁদের সাগরে নামতে হয়। অন্যদিকে দস্যুরা ব্যবহার করে দ্রুতগতির উন্নত মানের ট্রলার।
নান্নু মিয়া বলেন, বেশির ভাগ ডাকাতি হয় ১৫ কিলোমিটার দূরে গভীর সাগরে। অথচ তাঁরা সাত কিলোমিটারের বেশি যেতে পারেন না।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘ওই দুই দস্যুর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে দস্যুরা ডাকাতির সঙ্গে জড়িত কয়েকজন গডফাদারের নাম বলেছে। তাদের ধরার চেষ্টা চলছে।’
ট্রলার মালিক কক্সবাজার শহরের টেকপাড়ার মমতাজ আহমদ বলেন, ৪ নভেম্বর দস্যুরা ১৮ জেলেসহ তাঁর একটি ট্রলার নিয়ে যায়। এখন তাঁর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে জলদস্যুরা। মুক্তিপণ না দিলে জেলেদের হত্যার হুমকি দিচ্ছে তারা।
জেলা ফিশিং বোট মালিক সমিতির তথ্যমতে, গত ছয় মাসে ১২টি দস্যুবাহিনী ২১টি ট্রলারসহ ৬৩ জন জেলেকে অপহরণ করে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে। এখন পর্যন্ত নিখোঁজ আছেন ৩১ জন জেলে। গত পাঁচ বছরে দস্যুদের হামলা, গুলি ও পিটুনিতে নিহত হয়েছেন অন্তত ১২০ জেলে।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, জলদস্যুতা রোধে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হচ্ছে। তালিকা ধরে দস্যুদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।