সাগরে ৬০টি ট্রলারে ডাকাতি, দেড় শতাধিক জেলে অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে অন্তত ৬০টি মাছ ধরা ট্রলারে ডাকাতি হয়েছে। সুন্দরবনের জলদস্যু রাজু ও নয়া ভাই বাহিনী গত তিন দিন ধরে অস্ত্রের মুখে ট্রলারগুলোতে ডাকাতি চালায়। সেই সঙ্গে অন্তত আটটি ট্রলারসহ দেড় শতাধিক জেলেকে অপহরণ করে তারা।
প্রত্যক্ষদর্শী জেলে ও অপহৃত ট্রলারমালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গতকাল শুক্রবার দুপুরে প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেছেন।
বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি বলেন, সাগরের ফেয়ারওয়ে বয়াসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে ট্রলার থেকে জাল ফেলে মাছ ধরছিলেন জেলেরা। সেখানকার অন্তত ৬০টি মাছ ধরা ট্রলারে ডাকাতি করে জলদস্যু রাজু বাহিনী। তারা অস্ত্রের মুখে অন্তত আটটি ট্রলারসহ দেড় শতাধিক জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। গত মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত তিন দিন ধরে বঙ্গোপসাগরে এ ডাকাতি ও অপহরণ চালায় জলদস্যুরা। তারা ট্রলার থেকে মাছ, জাল, যন্ত্রাংশ, মুঠোফোনসহ কয়েক কোটি টাকার মালামাল লুট করে। অপহৃত জেলেদের মধ্যে ছগির হোসেন, জাকির হোসেন, আলতাফ হোসেন, নেছার উদ্দিন, গোলাম মোস্তফা, কবির মিয়া, মো. লিটন, নবী হোসেন, খলিল মিয়া, ফিরোজ মিয়া, হাবিবুর রহমান, জলিলুর রহমান, ইব্রাহিম হোসেন, ফারুক হোসেন, করিম বয়াতি ও জয়নাল মিয়ার নাম জানা গেছে। তাঁরা বরগুনার পাথরঘাটা, তালতলী, পিরোজপুরের মঠবাড়িয়া ও বাগেরহাটের শরণখোলা উপজেলার বাসিন্দা।
পরিচয় গোপন রাখার শর্তে এক ট্রলারমালিক বলেন, এভাবে একসঙ্গে এত জেলেকে অপহরণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাগরে কোস্টগার্ডের টহল জোরদার না থাকার সুযোগে জলদস্যুরা অস্ত্রের মুখে এভাবে ডাকাতি ও অপহরণ করতে সাহস পাচ্ছে।
এ ব্যাপারে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার এমএ রাহাতুজ্জামানের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।