সাগরে ৭ জেলে গুলিবিদ্ধ, ২০ জনকে অপহরণ
নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে হামলা ও গুলি চালিয়ে তিনটি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। এতে ২০ জন আহত হয়েছেন। জলদস্যুরা আরও ২০ জন জেলে ও মাঝিমাল্লাকে অপহরণ করে নিয়ে গেছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও ট্রলার মালিকদের সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
আহত ব্যক্তিদের মধ্যে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা হলেন হাতিয়া উপজেলার সোনাদিয়ার আফছার উদ্দিন, নুর ইসলাম, জাহাজমারার মো. শামিম, মো. ফারুক, নুর আলম, সুখচরের মেঘপাষান এলাকার মো. হান্নান ও হরনির বয়ারচরের মহিউদ্দিন। তাঁদের গতকাল বিকেলে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রলার মালিকেরা দাবি করেছেন, জলদস্যুরা তাঁদের ট্রলারসহ ১২ মণ ইলিশ লুট করে নিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে মাছ ধরে ফেরার পথে গতকাল সকাল আটটার দিকে নিঝুম দ্বীপ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে হাতিয়ার তিনটি মাছ ধরা ট্রলার (এফবি মায়ের দোয়া, এফবি জাহিদ হাসান ও এফবি রুনা) একদল জলদস্যুর কবলে পড়ে। ২০-২৫ জন সশস্ত্র জলদস্যু এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং হামলা চালিয়ে ট্রলার তিনটির জেলে ও মাঝিমাল্লাদের আহত করে। তাঁরা প্রায় ১২ মণ ইলিশ, ট্রলার, মাছ ধরার জাল ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। একই সময় জলদস্যুরা তিনটি ট্রলারের ২০ জন জেলে ও মাঝিমাল্লাকে অপহরণ করে নিয়ে গেছে।
হাতিয়া মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, তিনটি ট্রলারের মাঝিমাল্লাসহ বেশ কয়েকজন জেলেকে অপহরণ করা হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী বলেন, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে গুলিবিদ্ধ সাতজন জেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অপহৃত জেলেদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।