সাগরে ৭০ ট্রলারে লুণ্ঠন অপহৃত ৫০, গুলিবিদ্ধ ৬
দক্ষিণ বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছে অন্তত ৭০টি মাছ ধরার ট্রলারে লুটপাট করেছে জলদস্যুর দল। লুণ্ঠন শেষে পাঁচটি ট্রলারসহ অন্তত ৫০ জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে তারা। এ ঘটনায় ছয় জেলে গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ জেলেদের গতকাল সকালে কুয়াকাটার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এখানে অবস্থার অবনতি হলে ফয়সাল (৩০), আহসান আলী (৩২), শাহ আলম (৪০) ও কাইয়ুমকে (২৯) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর গুলিবিদ্ধ জেলে আবদুল মান্নান মৃধা (৩০) ও আমির হোসেন (৩৩) বর্তমানে কুয়াকাটার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ দুজন জেলের শরীর থেকে গুলি বের করা হয়েছে। তাঁদের বাড়ি বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলায়। কোস্টগার্ড, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও জেলা ট্রলার মালিক সমিতির নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ফিরে আসা জেলেদের বরাত দিয়ে ট্রলার মালিক সমিতির নেতারা প্রথম আলোকে বলেন, গত সোমবারপূর্ব সুন্দরবন-সংলগ্ন ফেয়ারওয়ে বয়ার কাছাকাছি এলাকায় কয়েক শ মাছ ধরার ট্রলার জাল ফেলে মাছ ধরছিল।বেলা সাড়ে তিনটার দিকেসশস্ত্র একদল জলদস্যু অপর একটি ট্রলারে করে সেখানে আসে এবং বরগুনার শুক্কুর মিয়ার মালিকানাধীন একটি ট্রলারসহ পাঁচটি ট্রলারের জেলেদের ওপর হামলা চালায়। ট্রলারগুলো দস্যুরা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পরে এসব ট্রলার নিয়ে দস্যুরা নির্বিচারে সেখানে অবস্থানরত অন্য ট্রলারগুলোর জাল, মাছ ও অন্যান্য মালামাল লুণ্ঠন করতে থাকে। এ সময় দস্যুরা গুলি চালালে এফবি জাহানারা নামে ট্রলারের জেলে হাসন আলী, আমির হোসেন, মান্নান মৃধা, এফবি মার্জিয়া নামে অপর একটি ট্রলারের জেলে ফয়সাল, শাহ আলম ও কাইয়ুম গুলিবিদ্ধ হন। সাড়ে তিনটা থেকে গতকাল মঙ্গলবার ভোর পাঁচটা পর্যন্ত অন্তত ৭০টি ট্রলারে এভাবে লুটপাট চালানো হয়। পরে দস্যুরা অন্তত ৫০ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত জেলেদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন নয়া মিয়া, আল আমিন, বাদশা মিয়া, আবুল কালাম, জয়নাল মিয়া, ফারুক ঘরামী ও মিলন খান। অপহৃত জেলেদের বেশির ভাগই বরগুনা সদর, তালতলী, পাথরঘাটা, পিরোজপুর ও বাগেরহাট জেলার।
গুলিবিদ্ধ জেলে আবদুল মান্নান মৃধা ও আমির হোসেন বলেন, ‘সোমবার সন্ধ্যার পর আমরা সাগরে জাল হালাইয়া বিশ্রাম নেতে আছেলাম, তখন চাইরডা ট্রলারে কইর্যা জলদস্যুরা আইয়া আমাগো উপার হামলা চালায়। জলদস্যুরা দক্ষিণ দিকে গোনে গুলি করতে করতে ট্রলারের উপর ঝাঁপাইয়া পড়ে।’
র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেয়র আদনান গতকাল প্রথম আলোকে বলেন, ‘বঙ্গোপসাগরে ডাকাতির খবর আমরা পেয়েছি। নতুন করে সংগঠিত কাদের মাস্টার বাহিনীর সদস্যরা এই লুণ্ঠন চালিয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। রাজু বাহিনীর সদস্যরা নতুন এই বাহিনী গড়ে তুলেছে।’
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কনটিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন বলেন, গভীর বঙ্গোপসাগরে ডাকাতির ঘটনা শোনার পর পশ্চিম অঞ্চলের সব কটি ক্যাম্পের সদস্যদের সতর্ক রাখা হয়েছে। বঙ্গোপসাগর থেকে সুন্দরবনে প্রবেশ করার সব পথ পাহারায় রাখা হয়েছে।
{প্রতিবেদন তৈরি করেছেন নিজস্ব প্রতিবেদক, বরগুনা, পাথরঘাটা ও কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি}