নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুতা তৈরির কারখানায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু সাগর বর্মণকে (৯) হত্যার ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সাগরের তিনি সহকর্মী। তিনজনই শিশু। নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশতিয়াক আহম্মেদের আদালতে গতকাল শুক্রবার বিকেলে তারা জবানবন্দি দেয়। এ ছাড়া সাগরের অপর এক সহকর্মী হাফিজুল সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, জবানবন্দি রেকর্ড শেষে গ্রেপ্তার তিন শিশুকে বিচারক গাজীপুরের টঙ্গীতে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
রূপগঞ্জে সুতা তৈরির কারখানা জোবেদা টেক্সটাইল মিলসে গত রোববার পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুশ্রমিক সাগরকে হত্যা করা হয়। ওই দিন রাতে শিশুটির বাবা মামলা করার পর পুলিশ ওই কারখানার ব্যবস্থাপক নাজমুল হুদাকে গ্রেপ্তার করে। তাঁকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া এ মামলায় কারখানার সিনিয়র উৎপাদন কর্মকর্তা সৈয়দ আজাহার ইমাম সোহেল ও লাইনম্যান সোহাগ হোসেন ওরফে হৃদয়কেও গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার দীঘি বরাবসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিহত সাগরের তিন শিশু সহকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।