নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুতার তৈরির কারখানায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু সাগর বর্মণকে (৯) হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার তিনটি শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রূপগঞ্জ উপজেলার দীঘি বরাবসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তিনটি শিশুর বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে। তারা নিহত শিশু সাগর বর্মণের সঙ্গে রূপগঞ্জের জোবেদা টেক্সটাইল মিলসে কাজ করত বলে জানিয়েছে পুলিশ।
গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন শিশু হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। কর্মক্ষেত্রে বিরোধের কারণেই খুনের ঘটনা বলে জানিয়েছে তারা। তবে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো বিষয় আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সুপার বলেন, যেহেতু গ্রেপ্তারকৃত তিনজনই শিশু, তাই তাদের বয়স বিবেচনায় আইনানুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।
পুলিশের একজন কর্মকর্তা বলেন, কারখানায় কাজ করা শ্রমিকদের শরীরে লেগে থাকা তুলা পরিষ্কার করতে কমপ্রেসারের বাতাস ব্যবহার করে। ওই শিশুরাও খেলাচ্ছলে কিংবা শরীরে লেগে থাকা তুলা পরিষ্কার করার সময় এ দুর্ঘটনা ঘটিয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
এ মামলায় এখন পর্যন্ত তিনটি শিশুসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অপর তিনজন হলেন এজাহারভুক্ত আসামি ও কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল হুদা, জ্যেষ্ঠ উৎপাদন কর্মকর্তা আজহার ইমাম ওরফে সোহেল এবং লাইনম্যান সোহাগ হোসেন ওরফে হৃদয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গত রোববার পায়ুপথে বাতাস ঢুকিয়ে তুলা কারখানার শিশু শ্রমিক সাগরকে হত্যা করা হয়। ওই দিন রাতে শিশুটির বাবা হত্যা মামলা করার পর পুলিশ ওই তুলা কারখানার ব্যবস্থাপক নাজমুল হুদাকে গ্রেপ্তার করে।