সাঘাটা বাজার রক্ষা প্রকল্পের কাজে অনিয়ম চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাঘাটা বাজার রক্ষা প্রকল্পের কাজে অনিয়ম এখনো চলছে। সিসি ব্লক নির্মাণে নিম্নমানের বালু ও পাথর ব্যবহার করার এবং জিও টেক্সটাইল ব্যাগগুলোতে মোটা বালুর পরিবর্তে পলি মিশ্রিত চিকন বালু দেওয়ার অভিযোগ করেছে এলাকাবাসী। তবে বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারেরা।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গাইবান্ধা কার্যালয় সূত্র জানায়, পাঁচ বছর আগে যমুনা নদীর ভাঙন থেকে সাঘাটা উপজেলার সাঘাটা বাজার ও থানা ভবনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় এ প্রকল্প হাতে নেওয়া হয়। প্রায় ১৩৫ কোটি টাকা খরচ করে এ প্রকল্পের আওতায় যমুনা নদীর ৪ দশমিক ৮ কিলোমিটার এলাকায় সিসি ব্লক ও বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলে তীর সংরক্ষণ করার কথা।
সম্প্রতি সরেজমিনে ঘুরে ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাঘাটা বাজারের উত্তরে মুন্সিহাট থেকে দক্ষিণে চিনিরপটল পর্যন্ত তীর সংরক্ষণ কাজ চলছে। মোট ১৩ জন ঠিকাদার এ প্রকল্প বাস্তবায়নে কাজ করছেন। ২০১০ সালের জুলাইয়ে শুরু হয়ে গত ৩০ মে পর্যন্ত ৭০ ভাগ কাজ হয়েছে।
এর আগেও এ প্রকল্পের কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
হাসিলকান্দি গ্রামের চাকরিজীবী জাকিরুল ইসলাম বলেন, ‘যেখানে কাজ চলছে, সে এলাকার কাছেই আমার বাড়ি। প্রতিদিন বাড়ি থেকে যাতায়াতের পথে সাঘাটা বাজারে সিসি ব্লক তৈরি করতে দেখি।’ সিসি ব্লক তৈরিতে প্রকল্পের প্রাক্কলন অনুযায়ী সিমেন্ট, বালু ও পাথরের মিশ্রণের অনুপাত ১: ৩: ৬ রাখার শর্তের কথা উল্লেখ করে সে অনুপাত মানা হচ্ছে কি না, জানতে চাইলে জাকিরুল ইসলাম বলেন, এই ব্লক নির্মাণে এক ভাগ সিমেন্টের সঙ্গে কম করে হলেও পাঁচ থেকে ছয় ভাগ বালু মেশানো হচ্ছে। পাথর মেশানো হচ্ছে অন্তত আট থেকে নয় ভাগ। পাউবোর প্রাক্কলন অনুযায়ী ঢালাইয়ের কাজে মধ্যপাড়ার কঠিন শিলা, ভারত থেকে আমদানি করা বড় পাথর এবং সিলেটের কঠিন শিলা বা বড় পাথর ভেঙে ছোট করে ব্যবহার করার কথা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ঠিকাদার বলেন, সাঘাটা বাজার রক্ষা প্রকল্পের সিসি ব্লক তৈরিতে লালমনিরহাটের পাটগ্রাম ও ঢালিয়া থেকে আনা গোলাকার ও ছোট নুরি পাথর ব্যবহার করা হচ্ছে। ফলে ব্লকগুলো দুর্বল হচ্ছে।
প্রকল্পের নির্মাণকাজের সঙ্গে জড়িত ঠিকাদার তাজুল ইসলাম নিম্নমানের পাথর ও বালু ব্যবহারের অভিযোগ অস্বীকার করে বলেন, সিসি ব্লক তৈরি এবং জিও ব্যাগে বালু ভরার পর ঢাকা থেকে পাউবোর টাস্কফোর্স কমিটির সদস্যরা এসে সেগুলো পরীক্ষার পরই নদীতে ফেলা হয়। এ ক্ষেত্রে অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহারের সুযোগ নেই। নিকটবর্তী চরাঞ্চল থেকেই জিও ব্যাগে ভরার জন্য বালু সংগ্রহ করা হলেও মোটা বালুই দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
পাউবোর গাইবান্ধা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল বলেন, ‘সিসি ব্লক তৈরিতে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাইনি। এ ছাড়া পাউবোর তিনজন উপসহকারী প্রকৌশলী নিয়মিত কাজ তদারকি করছেন। তা ছাড়া টাস্কফোর্স কমিটি অনুমোদন দেওয়ার পরই সিসি ব্লক ও জিও ব্যাগগুলো স্থাপন করা হয়।’
তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী চন্দ্র শেখর দাবি করেন, ‘আমরা দাঁড়িয়ে থেকে সঠিকভাবে কাজ বুঝে নিচ্ছি। নিম্নমানের সামগ্রী ব্যবহারের সুযোগ নেই।’
তবে নদীতীরে বালুভর্তি ব্যাগের মুখ সেলাই করার কাজে জড়িত কুড়িগ্রামের এক শ্রমিক বলেন, ‘ব্যাগে চিকন বালুই ভরা হচ্ছে। কিন্তু আমরা সেটা বললে তো কাজও আর করতে পারব না। আমাদের কাজ ব্যাগের মুখ সেলাই করা, তা-ই করছি।’