চিনির সঙ্গে ময়দা মিশিয়ে গ্লুকোজ তৈরি করার দায়ে শনির আখড়ার পশ্চিম রায়েরবাগের বাসিন্দা কামাল হোসেনকে একাধিকবার বিভিন্ন সাজা দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু সাজা শেষ হওয়ার পরও তিনি একই ধরনের কাজ শুরু করেন। সর্বশেষ চলতি বছরের ১১ জুলাই একই অপরাধে তাঁকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
শুধু কামাল হোসেনই নয়, ভেজাল ও নকল খাদ্য-পানীয় তৈরি ও বাজারজাতকরণ, অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অপরাধে দণ্ডপ্রাপ্ত এমন অনেকেই দণ্ড শেষ হওয়ার পর আবার একই অপরাধ করছেন। এ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আর তাই স্থায়ীভাবে এ অপরাধ বন্ধে ভেজালবিরোধী অভিযানে কয়েকটি উদ্যোগ নিয়ে মাঠে নামছে র্যাব। ইতিমধ্যে কয়েকটি কর্মসূচিও চালু করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য সংস্থার ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ভেজালবিরোধী অভিযানসংক্রান্ত তথ্য সরবরাহে সমন্বয় সাধনেরও পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিএসটিআইয়ের মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে খাবার পানি বাজারজাত করছিলেন রাজধানীর ওয়ারির পশ্চিম গোপীবাগে ‘সাবরিনা ড্রিংকিং ওয়াটার’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক হারুন উর রশিদ। এ অভিযোগে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর আদালতে একটি মামলা করেছিল বিএসটিআই কর্তৃপক্ষ। কিন্তু এরপরও তিনি লাইসেন্স নবায়ন না করে একই অপরাধ করছিলেন। পরে চলতি বছরের ২২ আগস্ট প্রতিষ্ঠানে অভিযান চালান র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওই অপরাধে তাঁকে ৪৫ দিনের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন আদালত। এরপর কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। একই দিন ওয়ারির নারিন্দার বেগমগঞ্জে সালমান এফ রহমান নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন একই আদালত। ঢাকা ওয়াসা ও বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে গোপনে ওয়াসার পানি সংগ্রহ করে তা ‘ড্রিংকিং ওয়াটার’ নামের বাজারজাত করছিলেন তিনি। অথচ একই অপরাধে ২০১৫ সালের ১৩ মে তাঁকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে দিয়েছিলেন।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, সাজা পাওয়ার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মনে করেন, তাঁকে একবারই সাজা দেওয়া হয়েছে। আদালত তাঁর কারখানায় আর আসবেন না। ফলে জরিমানা দিয়ে অথবা সাজা শেষ করে তিনি আবার একই অপরাধে জড়িয়ে পড়েন। স্থায়ীভাবে এ অপরাধ বন্ধে নিবন্ধন খাতার ব্যবস্থা, আদালতের নির্দেশনা কতটুকু পালন করা হচ্ছে সে বিষয়ে তদারকি, বিভিন্ন অভিযানে রায় নিয়ে তথ্য ভান্ডার প্রস্তুতকরণ, অন্য সংস্থার সঙ্গে সমন্বয় সাধন, অভিযোগ বক্স স্থাপন এবং ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠকসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
সারওয়ার বলেন, ইতিমধ্যে নিবন্ধন খাতা রাখার ব্যবস্থা চালু করা হয়েছে। আর র্যাবের পক্ষ থেকেই এ নিবন্ধন খাতা দেওয়া হচ্ছে। যেখানে অভিযান চালানো হবে সেখানে অভিযানকারী দল ওই খাতায় মন্তব্য লিখবেন। কী সাজা বা জরিমানা করা হয়েছে তারও উল্লেখ থাকবে ওই খাতায়। প্রতিষ্ঠানেই এ খাতা থাকলেও র্যাবই নিয়মিত এ খাতা পর্যবেক্ষণ করবে। এ ছাড়া কোনো প্রতিষ্ঠানে অভিযান চালানোর পর সংশ্লিষ্ট মালিককে দেওয়া নির্দেশনা কতটুকু পালন করা হয়েছে তাও তদারকি করা হবে। এ জন্য সংশ্লিষ্ট মালিককে একটি নির্দিষ্ট সময় দিয়ে তাঁর প্রতিষ্ঠানের অগ্রগতি নিয়ে র্যাবের কাছে প্রতিবেদন দেবেন। পরে র্যাব ওই প্রতিষ্ঠানে গিয়ে প্রতিবেদনের তথ্যের যথার্থতা যাচাই করবেন।
সারওয়ার আলম বলেন, প্রত্যেক খাবার দোকানসহ যেখানে অভিযান চালানো হবে তার সামনে অভিযোগ বাক্স রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের মালিকই অভিযোগ বাক্সের ব্যবস্থা করবেন। তবে তা র্যাবই নিয়ন্ত্রণ করবে। আর নির্দিষ্ট সময়ে গিয়ে ওই বাক্স থেকে বিভিন্ন অভিযোগ নিয়ে যাচাই বাছাই করা হবে।
ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, আশা করছি, সব কর্মসূচি আর উদ্যোগ আমরা কয়েক সপ্তাহের মধ্যে চালু করতে পারব। আমাদের বিশ্বাস, এ উদ্যোগ স্থায়ীভাবে কোনো অপরাধ দূর করা সম্ভব হবে।