সাজানো লটারির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়ক নির্মাণকাজে ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা সাজানো লটারি করেছেন বলে অভিযোগ করেন দরপত্র জমাদানকারী ঠিকাদারেরা। এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে ঠিকাদারেরা লিখিত অভিযোগ করেন।
সওজ ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, সওজ বিভাগের আওতার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়ক নির্মাণের জন্য গত ২৬ আগস্ট দরপত্র আহ্বান করা হয়। সড়কের প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৫ কোটি ৭৮ লাখ টাকা। দরপত্রে অংশ নিতে আগ্রহী ঠিকাদারদের এ দরের ১০ শতাংশ কম দরে দরপত্র জমা দিতে বলা হয়। ৪ অক্টোবর ছিল দরপত্র কেনার শেষ দিন। সে দিন পর্যন্ত ১৪টি দরপত্র বিক্রি হয়। কিন্তু ৫ অক্টোবর দরপত্র জমা দেওয়ার শেষ দিনে জমা পড়ে নয়টি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, ১৯ অক্টোবর লটারির মাধ্যমে সড়ক বিভাগের একটি সড়কের কাজে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। সেখানে শহরের কয়েকজন ঠিকাদার উপস্থিত ছিলেন। তাঁরা ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়ক নির্মাণকাজের দরপত্রের লটারির বিষয়ে সওজের নির্বাহী প্রকৌশলী শেখ সোহেল আহমেদের কাছে জানতে চান। সে সময় শেখ সোহেল তাঁদের জানান, দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া শেষ হতে আরও তিন-চার দিন লাগবে। কিন্তু সেদিনই দরপত্র কমিটির চেয়ারপারসন ও দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বুলবুল হোসেন লটারির মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া শেষ করেন। তিনি জামাল হোসেনকে ঠিকাদার নির্বাচিত করে বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে জানান। ঘটনা জানতে পেরে তাঁরা (ঠিকাদারেরা) দরপত্রের লটারিতে অনিয়মের বিষয়টি জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট বিভাগে লিখিতভাবে অভিযোগ করেন।
ঠিকাদার মুরাদ হোসেন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ঠিকাদারি করি। লটারির মাধ্যমে ঠিকাদার নিয়োগ সব সময় দরপত্রে অংশ নেওয়া ঠিকাদারদের উপস্থিতিতেই করা হয়। যেখানে ঠিকাদারদের না জানিয়ে লটারি করা হলে বুঝতে হবে কোনো ষড়যন্ত্র কাজ করেছে।’
দরপত্রে অংশ নেওয়া ঠিকাদার রামবাবুর প্রতিনিধি দীপক কুমার রায় অভিযোগ করেন, কর্মকর্তারা অনিয়ম করবেন বলে কাউকে না জানিয়ে তাঁদের অনুপস্থিতিতে লটারি করেছেন।
সওজের নির্বাহী প্রকৌশলী শেখ সোহেল আহমেদ বলেন, লটারির মাধ্যমে ওই সড়কের কাজে ঠিকাদার নিয়োগের বিষয়টি দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দপ্তর থেকে তাঁকে জানানো হয়নি।
এ বিষয়ে দরপত্র কমিটির চেয়ারপারসন প্রকৌশলী বুলবুল হোসেন বলেন, লটারির প্রক্রিয়া ঠিকাদারদের উপস্থিতিতে হতে হবে এমন কোনো নিয়ম নেই। লটারি প্রক্রিয়া সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে করা হয়েছে। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই।
এদিকে গত মঙ্গলবার বিকেলে স্থানীয় ঠিকাদারেরা ঠাকুরগাঁও সড়ক বিভাগের দপ্তরে হাজির হন। তাঁরা নির্বাহী প্রকৌশলীর কাছে সব ঠিকাদারের উপস্থিতিতে লটারি বা পুনঃদরপত্রের দাবি জানান। পরে ঠিকাদারদের চাপের মুখে নির্বাহী প্রকৌশলী দরপত্র কমিটির চেয়ারপারসন প্রকৌশলী বুলবুল হোসেনের কাছে চিঠি দেন।