সারা দেশে একযোগে বোমা হামলার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রানা তালুকদার ওরফে আবদুস সাত্তারকে গ্রেপ্তার করেছে র্যা ব। গত মঙ্গলবার রাতে গাজীপুর চৌরাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যা ব কর্মকর্তারা বলেন, সাত্তার ২০০৫ সালের ১৭ আগস্ট গাজীপুরের জয়দেবপুরসহ বিভিন্ন স্থানে বোমা হামলা চালানোর পরিকল্পনায় যুক্ত ছিলেন। এ ঘটনায় জয়দেবপুর থানায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আদালত তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাত্তার ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সিঙ্গাপুরে আত্মগোপনে ছিলেন। গত বছরের শুরুর দিকে তিনি দেশে ফিরে গা ঢাকা দেন।
র্যা ব বলেছে, ২০০৫ সালের ১৭ আগস্ট বেলা পৌনে ১১টা থেকে ১১টা ২০ মিনিটের মধ্যে জেএমবি রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা শহরে বোমা হামলা চালায়। জয়দেবপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলার রায়ে আদালত সাত্তারসহ ১৭ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেন। জয়দেবপুর থানায় করা মামলায় ২১ আসামির মধ্যে সাত্তার ১৯ নম্বরে ছিলেন।