সাজাপ্রাপ্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা যুবলীগের নেতা ও তাঁর পরিবারের পাঁচ সদস্যকে এক যুগ আগে এক মামলায় দুই বছর করে সাজা প্রদান করেন আদালত। পুলিশ তাঁদের খুঁজে না পেলেও ওই আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
যুবলীগের সাজাপ্রাপ্ত নেতা হলেন মনির হোসেন। তিনি উপজেলার মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক। মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, ২০০৩ সালের ৮ জুন আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন পরিষদের এক সালিসে হামলা চালান মনির হোসেন ও তাঁর পরিবারের লোকজন। এ ঘটনায় মনির হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়।
২০০৩ সালের ১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার দ্রুত বিচার আদালত নয়জনকে ওই সাজা দেন। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে সুমন মিয়া ও শাহআলম ছগির প্রবাসে আছেন। একজন মারা গেছেন।
পরে আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করে। সর্বশেষ ২০১১ সালের ১৯ জুন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত দায়রা জজের দ্বিতীয় আদালত ওই সাজা বহাল রাখেন। ২৪ মার্চ আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত সপ্তাহে সেটি আখাউড়া থানায় পৌঁছায়।
মামলার বাদী ও ইউপি চেয়ারম্যান নান্নু মিয়া বলেন, আসামি যুবলীগের নেতা হওয়ায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না।
মনির হোসেন মুঠোফোনে বলেন, ‘আমার বিরুদ্ধে অনেক মামলাই আছে। ২০০৩ সালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলাটি প্রত্যাহারের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছি।’
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছার পর থেকেই তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।