সাজাপ্রাপ্ত চেয়ারম্যান দুই বছরেও গ্রেপ্তার হননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক প্রতারণার মামলায় দুই বছর তিন মাস আগে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাজেদুর রহমানের সাজা হয়েছে। তিনি প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাঁকে ধরছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
মামলার বাদী আতাউর রহমান অভিযোগ করেন, চেয়ারম্যান মাজেদুর রহমান প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে তাঁকে গ্রেপ্তার করছে না।
পলাশবাড়ী থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, চেয়ারম্যান মাজেদুর রহমান দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করেন। তাই তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।
মামলার বিবরণে জানা যায়, ইউপি চেয়ারম্যান মাজেদুর রহমান ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডি জিগাতলা এলাকার আতাউর রহমানকে একটি বেসরকারি ব্যাংকের কারওয়ান বাজার শাখার অনুকূলে ছয় লাখ ৫০ হাজার টাকার একটি চেক দেন। আতাউর রহমান টাকা উত্তোলনের জন্য একাধিকবার চেকটি ব্যাংকে জমা দেন। কিন্তু ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত (ডিজঅনার) হয়। তিনি টাকা আদায়ের জন্য চেয়ারম্যানের বিরিদ্ধে মামলা করেন। আদালত এই মামলায় ২০১২ সালের ২০ মে তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন গুণ টাকা জরিমানা করেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।