সাজাপ্রাপ্ত ডাকাতকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলায় ডাকাতির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে আটক করেছেন এলাকাবাসী। পরে কামরুল ইসলাম ফকির (৪৫) নামের ওই ব্যক্তিকে পুলিশে দেওয়া হয়েছে।
কামরুলের বাড়ি মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের হাসাডাঙ্গা গ্রামে। বাবার নাম নিজাম উদ্দিন ফকির।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কামরুলকে গত শুক্রবার দুপুরে উপজেলার শাহাপুর গ্রাম এলাকা থেকে আটক করেন এলাকার কয়েকজন। তাঁকে একটি ঘরে আটকে রাখা হয়। খবর পেয়ে মনিরামপুর থানা-পুলিশের একটি দল বিকেলে ঘটনাস্থলে যায়। এ সময় কামরুল ঘরের চালের টালি খুলে পালানোর চেষ্টা করেন। তিনি চাল থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে আহত হন। পুলিশ তাঁকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশি পাহারায় তাঁর চিকিৎসা চলছে।
পুলিশ বলছে, কামরুল যশোর সদর উপজেলায় ১৯৯৮ সালের একটি ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মনিরামপুর থানায় দুটি ডাকাতি এবং একটি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।
মনিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, কামরুল পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। সুস্থ না হলে তাঁকে আদালতে পাঠানো সম্ভব হচ্ছে না।