নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুর নবী ওরফে সোহাগকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ভোরে পৌরসভার ফকিরপুর এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। নুর নবী চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, ২০০৫ সালে চেক জালিয়াতির একটি মামলায় গত বছরের ২০ জানুয়ারি ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ এর আদালত তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা; অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন নুর নবীকে। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর কাউন্সিলর নুর নবীকে গতকাল সকালে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠায় সুধারাম থানা-পুলিশ। আদালতে নুর নবীর পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আট-দশ দিন আগে সাজার বিষয়টি তাঁরা জানতে পারেন। নুর নবীর বিরুদ্ধে তখনই গ্রেপ্তারি পরোয়ানা থানায় আসে। কিন্তু কাউন্সিলর নুর নবীই যে সাজাপ্রাপ্ত পলাতক আসামি, তা নিশ্চিত হতে কিছুটা সময় লেগে যায়। নিশ্চিত হওয়ার পরই তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামির কাউন্সিলর নির্বাচিত হওয়ার বিষয়ে জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘তিনি (নুর নবী) নিশ্চয়ই নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তথ্য গোপন করেছিলেন। এ নিয়ে কেউ কমিশনে অভিযোগ করলে তাঁর পদ বাতিল হয়ে যাবে।’