সাজাপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে সাজাপ্রাপ্ত আসামি গোলাম ফারুকের (৪৭) বিরুদ্ধে মামলার বাদী নবিয়ার হোসেনকে (২১) হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার নবিয়ার পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
আদিতমারীর পশ্চিম দৈলজোর গ্রামের ফজলে হকের ছেলে নবিয়ার। নবিয়ারের দায়ের করা একটি মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নজমুল হুদা তালুকদার ২০১৬ সালের ১৩ জুলাই গোলাম ফারুককে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেন। রায়ে ওই জরিমানার টাকা নবিয়ারকে প্রদান ও আসামি ধরা পড়ার দিন থেকে তাঁর সাজার মেয়াদ শুরু হবে বলে উল্লেখ করা হয়।
গোলাম ফারুক লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের ইংরেজি বিষয়ের সাবেক প্রভাষক। তিনি এই কলেজ থেকে জয়পুরহাটের মহিপুর হাজী মহসিন সরকারি কলেজে বদলি হয়ে যান। তাঁর স্থায়ী ঠিকানা লালমনিরহাট শহরের খোচাবাড়ী (কালিবাড়ী)।
এসপিকে দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ২৭ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে গোলাম ফারুকের সঙ্গে নবিয়ারের দেখা হয়। এ সময় গোলাম ফারুকের কাছে নবিয়ার জানতে চান, ওই পাঁচ লাখ টাকা কবে দেবেন। সঙ্গে সঙ্গে গোলাম ফারুক তাঁকে (নবিয়ার) টাকা দেবেন না জানিয়ে হুমকি দিয়ে বলেন, বেশি বাড়াবাড়ি করলে উচিত শিক্ষা দেওয়া হবে। এ ছাড়া রায় ঘোষণার পর থেকে নবিয়ারকে গোলাম ফারুক বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেছেন বলে অভিযোগে বলা হয়।
অভিযোগে বলা হয়, পূর্বপরিচিত হওয়ার সুবাদে গোলাম ফারুককে দুজন সাক্ষীর উপস্থিতিতে ২০১৫ সালের ১৫ মে পাঁচ লাখ টাকা ধার দেন নবিয়ার। একই সালের ১৫ জুলাই নবিয়ারকে গোলাম ফারুক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লালমনিরহাট শাখার মুদারাবা সঞ্চয়ী হিসাব নম্বর ১৬৮৭ উল্লেখপূর্বক পাঁচ লাখ টাকার একটি চেক দেন। একই সালের ২৬ জুলাই ওই টাকা উত্তোলনের জন্য ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় চেকটি জমা দেওয়া হলে টাকা না থাকায় ব্যাংক চেকটি ফেরত দেয়। এরপর একই সালের ৯ আগস্ট গোলাম ফারুককে লিগ্যাল নোটিশ দেন নবিয়ার। ১২ আগস্ট আসামির পক্ষে তাঁর মেয়ে ফারাহ আদ্রিতা নোটিশটি গ্রহণ করেন। নোটিশের জবাব বা টাকা ফেরত না দেওয়ায় একই সালের ১৭ সেপ্টেম্বর নবিয়ার সদরের বিচারিক হাকিম আদালতে গোলাম ফারুকের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় ২০১৬ সালের ১৩ জুলাই তাঁকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওই শাস্তি ও টাকা প্রদানের নির্দেশ দেন।
তবে গোলাম ফারুক বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। এসপি এস এম রশিদুল হক বলেন, অভিযোগটি খতিয়ে দেখে ও আদালতের রায়ের আলোকে গোলাম ফারুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।