সাজাপ্রাপ্তসহ পলাতক ২১ আসামি গ্রেপ্তার
নেত্রকোনায় সাজা পাওয়া একজনসহ ২১ জন পলাতক আসামি ও মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টা থেকে গতকাল বুধবার ভোর ছয়টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
থানা-পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাত ১০টা থেকে গতকাল ভোর পর্যন্ত সদর থানার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় সদর উপজেলার কাবুলিয়া গ্রামের কাজল মিয়া (৩৫) নামের একজন সাজা পাওয়া পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া একই উপজেলার কচুডুয়ারী গ্রামের কামাল মিয়া, আলম মিয়া, পৌর শহরের মসজিদ কোয়ার্টার মহল্লার শরীফ মিয়া, কামরুজ্জামান সরকার, জুলেখা আক্তার, মেদনী গ্রামের শাহান আলী, মসুউড়া গ্রামের আসাদ মীরসহ ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা বিভিন্ন মামলার পলাতক আসামি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, একই অভিযানে পাঁচ মাদকসেবীকে আটক করে পুলিশ। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।