সাজিদের সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে যুবক আটক
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান সন্দেহভাজন শেখ রহমাতুল্লাহ ওরফে সাজিদ ওরফে মাসুমের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন সন্দেহে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে জাফর আহম্মেদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে ফরাজীকান্দা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
বিকেলে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে জাফর আহমেদকে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, জাফর আহম্মেদকে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানান, জাফর ভারতে গ্রেপ্তার হওয়া মাসুমের সঙ্গে এক সময় কাজ করত। ধারণা করা হচ্ছে, জাফরের সঙ্গে মাসুমের যোগাযোগ রয়েছে। এ কারণে তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।