সাজেকে ছবি তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ছবি তোলাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল খাগড়াছড়ির দীঘিনালা থেকে আসা একদল পাহাড়ি তরুণ-তরুণী বাঘাইহাট এলাকার হাজাছড়া ঝরনায় গোসল করেন। ওই সময় স্থানীয় কিছু বাঙালি তরুণও সেখানে গোসল করেন। বেলা দুইটার দিকে মুঠোফোনে ছবি তোলাকে কেন্দ্র করে দুই দল তরুণ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ জন আহত হন। এ সময় সেনাসদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহত তরুণদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন মো. আতিক (১৭), মো. এনামুল হক (১৬), মো. আবু আহমেদ (১৫), মো. শাহীন (১৪), দয়াধন চাকমা (৩৮), মো. নাজিম উদ্দিন (৩৮), বিবেক চাকমা (২৬), চয়ন চাকমা (১৮), কলিন চাকমা (২১) ও অমর চাকমা (১৬)। তাঁদের মধ্যে সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত সদস্য দয়াধন চাকমা, স্থানীয় বাসিন্দা মো. নাজিম উদ্দিন ও দীঘিনালা থেকে ঝরনায় বেড়াতে যাওয়া বিবেক চাকমা সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন। আহত তরুণদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পাহাড়ি তরুণদের অভিযোগ, ঝরনায় গোসলের পর পাহাড়ি তরুণীদের ছবি তুলতে শুরু করেন বাঙালি তরুণেরা। ওই সময় তাঁরা আপত্তি জানান ও ছবি মুছে ফেলতে অনুরোধ করেন। কিন্তু ওই তরুণেরা তা না করে উল্টো তাঁদের ওপর হামলা চালান।

তবে বাঙালি তরুণেরা বলেন, তাঁরা কারও ছবি তোলেননি। পাহাড়ি তরুণেরা ছবি তোলার মিথ্যা অভিযোগ তুলে তাঁদের ওপর হামলা চালান। এ সময় পাহাড়ি তরুণেরা তাঁদের তিনটি মুঠোফোন কেড়ে নেন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ঘটনার সঙ্গে জড়িত তরুণ ও স্থানীয় মুরব্বিদের নিয়ে বৈঠক করেছি। বৈঠকে সেনাবাহিনীর প্রতিনিধিও উপস্থিত ছিলেন। ঘটনা যেন অন্যদিকে মোড় না নেয়, সে ব্যাপারে উভয় পক্ষকে অনুরোধ করেছি। পরিস্থিতি এখন শান্ত। বাঙালি তরুণদের কাছ থেকে কেড়ে নেওয়া মুঠোফোনগুলো ফেরত দিতে পাহাড়িদের প্রতি অনুরোধ জানিয়েছি।’ ওসি জানান, বিষয়টি মীমাংসা হয়ে যাওয়ায় থানায় কোনো মামলা হয়নি।