সাটুরিয়ায় চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চাকরি দেওয়ার কথা বলে সাড়ে ছয় লাখ টাকা আত্মসাৎ করেছে একটি প্রতারণা চক্র। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা করা হলে আত্মসাৎকৃত ওই অর্থ ফেরত পায়নি ভুক্তভোগী পরিবার। উল্টো মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে আসামিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ১১ ডিসেম্বর অর্থ আত্মসাতের অভিযোগে ভুক্তভোগী সাটুরিয়ার গওলা গ্রামের ইসমাইল হোসেন (৬২) জেলা বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। এতে একই গ্রামের আশরাফুল ইসলাম (৪২) ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৩৮), ঢাকার সাভারের ছাগলকান্দি গ্রামের রুবেল পারভেজ (২৮) ও আহসান আলী (৪৫) এবং ঢাকার মিরপুরের পল্লবীর মো. মনিরুজ্জামানকে (৪২) আসামি করা হয়। মামলাটি আমলে নিয়ে আদালত গত ১৫ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেন। পরবর্তীকালে ৩ মার্চ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবদুল বাতেন তদন্ত প্রতিবেদন জমা দেন। এই প্রতিবেদনে ঘটনার প্রাথমিক সত্যতা মিলেছে বলে উল্লেখ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আত্মীয়তার সম্পর্ক থাকায় আসামি আশরাফুল ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম ইসমাইলের বাড়িতে আসতেন। তাঁরা জানান, মনিরুজ্জামান সচিবালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। একপর্যায়ে ইসমাইলের ছেলে আনিসুর রহমানকে (১৯) সচিবালয়ে চতুর্থ শ্রেণির (এমএলএসএস) কর্মচারী পদে চাকরি দেওয়ার কথা বলেন। এরপর গত বছরের ১৩ এপ্রিল থেকে বিভিন্ন সময় তিন কিস্তিতে অন্য আসামি ও সাক্ষীদের উপস্থিতিতে আশরাফুল ৬ লাখ ৬৫ হাজার টাকা নেন।
ইসমাইল হোসেন বলেন, গত ৪ এপ্রিল আসামিরা আদালত থেকে জামিনে বের হন। ওই দিন বাড়ি যাওয়ার পথে জেলা সদরের খোন্দকার দেলোয়ার হোসেন কলেজের সামনে আসামি আশরাফুলসহ অন্যরা মামলা তুলে নিতে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
গতকাল সন্ধ্যায় আশরাফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবদুল বাতেন বলেন, আদালতের নির্দেশে ঘটনার তদন্ত করা হয়। তদন্তে আট ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করে ঘটনার প্রাথমিক সত্যতার প্রমাণ পাওয়া গেছে।