সাটুরিয়ায় তরুণকে পিটিয়ে হত্যা
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ চরপাড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে সুশান্ত চন্দ্র সরকার (১৮) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মামার পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে তাঁকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আহতরা হলেন সুশান্তের মা গীতা রানী সরকার এবং মামা মন্টু চন্দ্র সরকার ও ঝন্টু চন্দ্র সরকার। গীতা রানী সুশান্তকে নিয়ে ভাইদের সঙ্গে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরগজ চরপাড়া গ্রামের মন্টু চন্দ্র সরকারের কলের লাঙল রয়েছে। তিনি অন্যের জমিতে হালচাষ করেন। প্রায় দুই সপ্তাহ আগে প্রতিবেশী কমল চন্দ্র সরকারের জমিতে হালচাষ করেন মন্টু। হালচাষ বাবদ মন্টুর ২ হাজার ৭০০ টাকা বকেয়া ছিল কমলের কাছে। ওই টাকা দিতে কালক্ষেপণ করতে থাকেন কমল। বৃহস্পতিবার রাত আটটার দিকে বাড়ির পাশে চায়ের দোকানে মন্টু পাওনা টাকা চাইলে কমল ক্ষুব্ধ হয়ে তাঁকে বকাঝকা করেন। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাত নয়টার দিকে কমলসহ কয়েকজন রড ও লাঠিসোঁটা নিয়ে মন্টুর বাড়িতে হামলা চালান। এ সময় মন্টু, ঝন্টু ও গীতা রানীকে মারধর করতে থাকেন হামলাকারীরা। এ সময় সুশান্ত এগিয়ে গেলে তাঁকে রড দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সুশান্তকে মৃত ঘোষণা করেন।