সাটুরিয়ায় কাঠমিস্ত্রিকে পেটালেন ইউপি সদস্য
শত্রুতার জের ধরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে গতকাল শনিবার এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তির নাম ইন্দ্রচন্দ্র সূত্রধর (৩৮)। তাঁর বাড়ি কৈট্টা গ্রামে। তিনি কাঠমিস্ত্রির কাজ করেন এবং গ্রামের শ্মশান দেখভাল করেন। অভিযুক্ত ব্যক্তির নাম আজিজুর রহমান। তিনি ধানকোড়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
আহত ব্যক্তির স্বজনেরা বলেন, গত ইউপি নির্বাচনে পক্ষে কাজ না করায় ইন্দ্রর ওপর আজিজুর ক্ষিপ্ত ছিলেন। গত বুধবার রাতে শ্মশান থেকে গাঁজাসহ চার তরুণকে পুলিশ আটক করে। আজিজুরের মধ্যস্থতায় পুলিশ তাঁদের ছেড়ে দেয়। পুলিশ ও ওই ইউপি সদস্য উৎকোচ নিয়ে তাঁদের ছেড়ে দেন বলে গ্রামে ছড়ান ইন্দ্র। এতে আজিজুর আরও ক্ষিপ্ত হন।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে ইন্দ্র শ্মশানের উন্নয়নকাজের জন্য রাখা ইট সাজিয়ে রাখছিলেন। এ সময় দুজন সহযোগীসহ আজিজুর সেখানে যান। তাঁরা ইন্দ্রকে চড়থাপ্পড় ও লাথি মারেন। একপর্যায়ে ইট দিয়ে কানে আঘাত করেন। এতে ইন্দ্র জখম হন। পরে স্বজনেরা ইন্দ্রকে আহত অবস্থায় মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।
ইন্দ্রচন্দ্র সূত্রধর বলেন, ‘তাঁকে (আজিজুর রহমান) ভোট দিয়েছি। তাঁর বিরুদ্ধে কুৎসাও ছড়াইনি। তবু তিনি মারধর করলেন। ভগবান এর বিচার করবেন। আমরা নিরীহ মানুষ। গ্রামে তো থাকতে হবে। মামলা করলে যদি আবার মারধর করেন!’
তবে আজিজুর রহমান বলেন, ‘এলাকায় আমার বিরুদ্ধে কুৎসা রটনায় তাঁকে গালমন্দ করা হয়েছে। এ সময় দৌড়ে পালানোর সময় তিনি পড়ে গিয়ে আঘাত পেয়েছেন। তিন-চার দিন আগে গাঁজাসহ চারজনকে আটক করে পুলিশ। পরে অনুরোধ করলে উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তাঁদের ছেড়ে দেন।’
সাটুরিয়া থানার এসআই নজরুল ইসলাম বলেন, ওই চারজনের চলাচল সন্দেহজনক হওয়ায় আটক করা হয়। মানবিক কারণে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তাঁদের কাছে মাদক পাওয়া যায়নি।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে লিখিত অভিযোগ না দিলে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি না। পরে যদি ওই লোক ঘটনা অস্বীকার করেন? অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’