সাটুরিয়ায় চার বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চার বিশিষ্ট ব্যক্তিকে চিঠির সঙ্গে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের মানিকগঞ্জ শাখার পক্ষ থেকে এ হুমকি দেওয়া হয় বলে চিঠিতে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় গত মঙ্গলবার রাতে ওই চারজন নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। হুমকি পাওয়া ওই চারজন হলেন সাটুরিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সমরেন্দু সাহা লাহোর, স্থানীয় বালিয়াটি রামকৃষ্ণ মিশনের প্রধান মহারাজ স্বামী পরিমুক্তানন্দ, উদীচীর উপজেলা সংসদের সভাপতি আবুল হোসেন ও বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ওই ব্যক্তিদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, ‘আনসারুল্লাহ বাংলা টিম নামে মানিকগঞ্জে কোনো শাখা আছে বলে আমার জানা নেই। পূর্বশত্রুতা বা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ওই চিঠি পাঠানো হতে পারে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’