সাটুরিয়ায় ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা মেয়েকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ, এলাকাবাসী ও ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, সাটুরিয়ার পাতিলাপাড়ার ওই মেয়ে একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। স্কুলে যাওয়া-আসার পথে মেয়েটিকে প্রতিবেশী সুকুমার রাজবংশী (২২) উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এরপর বিয়ে করার শর্তে সুকুমার মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরে সুকুমার বিয়ে করতে অস্বীকৃতি জানালে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে।

গত মঙ্গলবার রাতে ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মেয়েটি। খবর পেয়ে গতকাল বুধবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মৃত্যুর আগে মেয়েটি একটি চিরকুট লিখে গেছে। লাশ উদ্ধারের সময় ঘরে চিরকুটটি পায় পুলিশ।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য গতকাল বিকেলে সুকুমার রাজবংশীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে তিনি পলাতক।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, প্রতারণার শিকার মেয়েটি ক্ষোভে আত্মহত্যা করেছে বলে চিরকুটের লেখা থেকে প্রতীয়মান হয়েছে।

এ ঘটনায় সুকুমার, তাঁর বাবা নিতাইসহ পাঁচজনকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। তিনি বলেন, গতকাল নিতাইকে গ্রেপ্তার করে জেলা বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।