সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নয়জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের বাগবাড়ি গ্রামে জমিজমা নিয়ে গতকাল শনিবার দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নয়জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন বাগবাড়ি গ্রামের মাহবুবুল ইসলাম, তাঁর স্ত্রী সাজেদা বেগম, ছেলে নজরুল ইসলাম, মেয়ে মাহফুজা আক্তার ও ভাই রেজাউল করিম এবং নূর মোহাম্মদ, তাঁর স্ত্রী লিলি বেগম, প্রতিবেশী রাজেদা বেগম ও শুকুর আলী। তাঁদের মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ শতাংশ জমি নিয়ে গ্রামের মাহবুবুল ইসলাম ও প্রতিবেশী হাছেন আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে মামলাও চলছে। গতকাল বেলা ১১টার দিকে ওই জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
মাহবুবুল ইসলাম বলেন, ‘ওই জমির মালিক আমি। জমিও আমার দখলে। কিন্তু কয়েক বছর ধরে হাছেন আলী জমিটির মালিক দাবি করে আসছেন। গতকাল ওই জমি দখল করতে হাছেন আলী ও তাঁর লোকজন লাঠিসোঁটা, চাপাতি ও রামদা নিয়ে আমার বাড়িতে হামলা করেন। এতে আমার পরিবারের পাঁচজন আহত হন।’ তিনি বলেন, ‘আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা আমার মেয়ের। অথচ প্রতিপক্ষের হামলায় সে এখন হাসপাতালে।’
হাছেন আলী বলেন, ‘ক্রয়সূত্রে ওই জমির মালিক আমি। কিন্তু মাহবুবুল ওই জায়গা দখল করার চেষ্টা করছেন। গতকাল ওই জায়গার দখল নিতে গেলে তাঁর লোকজন আমাদের ওপর হামলা চালান। এতে আমার পরিবারের চারজন আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, এ ঘটনায় গতকাল রাত আটটা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।