সাটুরিয়ায় বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সদরের মণ্ডলপাড়া গ্রামে গত শুক্রবার দিবাগত রাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় পাঁচজন আহত হন। এ ঘটনায় ডাকাত সন্দেহে একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আহত ব্যক্তিরা হলেন মণ্ডলপাড়া গ্রামের ব্যবসায়ী সত্য সাহার ছেলে বাসুদেব সাহা (৫৫), সুদেব সাহা (৫০), সুদেব সাহার স্ত্রী রিতা রানী সাহা (৪৫), প্রতিবেশী রণজিৎ সাহা (৩৬) ও স্বপন মিয়া (৩৫)। তাঁদের মধ্যে সুদেব সাহাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাটুরিয়া থানার অদূরে মণ্ডলপাড়া গ্রামে সত্য সাহার বাড়ি। তিনি সাটুরিয়া সদর বাজারের মুদি ব্যবসায়ী। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ২০-২৫ জনের মুখোশ পরা একদল ডাকাত সত্য সাহার বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢোকে। এরপর বাড়ির লোকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এ সময় রড দিয়ে সুদেব সাহা ও বাসুদেব সাহাসহ বাড়ির অন্য সদস্যদের মারধর করে ডাকাতেরা। রডের আঘাতে সুদেব সাহার মাথা ফেটে যায়।

একপর্যায়ে ঘরের আলমারি থেকে প্রায় ১৬ ভরি স্বর্ণালংকার, ৮০ ভরি রুপা ও এক লাখ টাকা লুট করে ডাকাতেরা। এ সময় প্রতিবেশীরা মসজিদের মাইকে ডাকাতের উপস্থিতির বিষয়টি প্রচার করে। লোকজন ওই বাড়িতে ছুটে গেলে ডাকাতেরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণালংকার ও টাকা নিয়ে দৌড় দেয়। এ সময় এলাকাবাসী ধাওয়া করে সোহেল রানা (৩২) নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে রাতেই পুলিশ ওই গ্রামে গিয়ে আহত ডাকাত সদস্যকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পুলিশ জানায়, সোহেলের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার চর ভাকুলিয়া গ্রামে। তিনি দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানায় একাধিক ডাকাতি ও ধামরাই থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, এ ঘটনায় বাসুদেব সাহা মামলা করেছেন। সোহেলের কাছ থেকে তথ্য বের করে অন্যান্য ডাকাত সদস্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।