সাটুরিয়ায় শ্রমিক লীগের নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আকাশি গ্রামে গত বুধবার রাতে আবুল হোসেন নামে পরিবহন শ্রমিক লীগের এক নেতাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আবুল হোসেন (৪২) জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের কার্যকরী সদস্য ও গ্রামের লুৎফর রহমানের ছেলে।
পুলিশ, নিহত আবুল হোসেনের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হোসেনের সঙ্গে এক নারীর সম্পর্ক ছিল। এ নিয়ে গ্রামে সালিস বৈঠকও হয়েছে। বুধবার রাত ১১টার দিকে ওই নারীর বাড়িতে যান আবুল হোসেন। একপর্যায়ে বাড়ির লোকজন তাঁকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে আবুল হোসেনের পরিবারের লোকজন ও কয়েকজন প্রতিবেশী তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সাটুরিয়া থানার এসআই আসলাম হোসেন বলেন, এ ঘটনায় নিহত আবুল হোসেনের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন।