পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় সাড়ে ছয় কোটি টাকা আত্মসাৎ করেছেন ক্যাশিয়ার জায়েদা খানম। টাকা আত্মসাতের ঘটনায় জায়েদা খানমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী হাফিজ আহমেদ বলেন, সমিতির অর্থ আত্মসাতের ঘটনা তদন্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সমিতি সূত্র জানায়, জায়েদা খানম চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ব্যাংকের হিসাব বিবরণীতে ১০ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৫৪৭ টাকা জমা দেখিয়েছেন। অথচ ব্যাংক কর্তৃপক্ষ তাদের ব্যাংকের হিসাব বিবরণীতে ৪ কোটি ৪৩ লাখ ২২ হাজার ৮৩৫ টাকা রয়েছে বলে জানায়।
গত ৩১ মার্চ সমিতির হিসাবরক্ষক মো. তরিবুল্লাহ আকন্দ অগ্রণী ব্যাংক, পটুয়াখালী পুরান বাজার শাখায় সমিতির এসটিডি হিসাব নম্বর-১৫ এর হিসাবে জমা করা টাকার হিসাব জানতে গেলে ঘটনাটি ফাঁস হয়। তিনি ব্যাংকে গিয়ে জানতে পারেন, ওই হিসাবে ওই দিন পর্যন্ত মাত্র ৪ কোটি ৪৩ লাখ টাকা জমা আছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তরিবুল্লাহ আকন্দ তাৎক্ষণিকভাবে ব্যাংকের দেওয়া ফেব্রুয়ারি মাসের হিসাব বিবরণী দেখান। ওই হিসাব বিবরণী অনুযায়ী জায়েদা খানম ১০ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৫৪৭ টাকা জমা দিয়েছেন। অথচ ব্যাংকের হিসাব অনুয়ায়ী সমিতির ৬ কোটি ৪৬ লাখ ৬২ হাজার ৭১২ টাকা নেই।
সমিতির কর্মকর্তারা অভিযোগ করেন, ক্যাশিয়ার ২০০৫-০৬ সাল থেকে ব্যাংকের সিল-স্বাক্ষর জাল করে ভুয়া ব্যাংক ডিপোজিট রসিদ ও ব্যাংকের হিসাব বিবরণী তৈরি করে সমিতির হিসাব শাখায় জমা দিতেন। সমিতির ক্যাশিয়ার পদে কর্মরত থেকে আদায় করা সম্পূর্ণ পরিমাণ অর্থ ব্যাংকে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করায় ৩১ মার্চ বিকেল থেকে জায়েদা খানমকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এদিকে জায়েদা খানম বর্তমানে কলাপাড়ায় কর্মরত রয়েছেন। তিনি ২ মার্চ সমিতির মহাব্যবস্থাপক বরাবরে লিখিতভাবে অর্থ গরমিলের কথা স্বীকার করেছেন। এতে তিনি উল্লেখ করেন, পটুয়াখালী সদর দপ্তরে কর্মরত থাকাকালে যে আর্থিক অনিয়ম করেছেন, তা আস্তে আস্তে পরিশোধ করার চেষ্টা করবেন।