সাড়ে ছয় হাজার ইয়াবাসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল সাড়ে ছয় হাজারটি ইয়াবা বড়িসহ চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ভোর পাঁচটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলা এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মকবুল আহমদ (৫৫) ও রঙ্গিখালী এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে নূর মোহাম্মদের (৩০) কাছ থেকে পাঁচ হাজারটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
অন্যদিকে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে পুলিশের একটি দল টেকনাফ পৌর এলাকার দ্বীপ প্লাজা মার্কেটের সৌদিয়া পরিবহনের কাউন্টারের থেকে সহেন্দভাজন দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশের ভাষ্যমতে, ওই দুজনের কাছে ইয়াবার একটি বড় চালান রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে থানায় নিয়ে দেহ তল্লাশি করে প্রথমে কিছু পাওয়া না গেলেও পরে তাঁদের ব্যবহৃত ব্যাগে অভিনব কায়দায় লুকিয়ে রাখা এক হাজার ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার সাবরাং আলীর ডেইল এলাকার মৃত রশিদুল হকের স্ত্রী তৈয়বা বেগম (২৫) ও মুণ্ডার ডেইল এলাকার আবদুস সালামের ছেলে নূর হাকিমকে (২৫) আটক করা হয়।
পুলিশের দাবি, আটক হওয়া নূর হাকিম ও তৈয়বা বেগম স্বামী-স্ত্রী না হলেও তাঁরা বিভিন্ন সময়ে এ পরিচয়ে ইয়াবা পাচার করে আসছিলেন।
টেকনাফ মডেল থানার ওসি মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আজ (শনিবার) সকালে কক্সবাজার হাকিম আদালতে পাঠানো হবে।