গাছ চুরিতে বাধা দেওয়ার জের ধরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জুমের সাড়ে তিন হাজার পানগাছের গোড়া কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কর্মধা ইউনিয়নের আমুলিপুঞ্জিতে (ক্ষুদ্র জাতিসত্তা খাসিয়া ও গারো সম্প্রদায়ের গ্রাম)। এ ব্যাপারে গত রোববার রাতে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
মামলার এজাহার, পুঞ্জির বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর নলডরি গ্রামের বাসিন্দা পলাশ মিয়া ও বাবুল মিয়ার নেতৃত্বে ১০-১৫ ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আমুলির পার্শ্ববর্তী মোকামবাড়ি পুঞ্জিরপানজুমে ঢোকেন। একপর্যায়ে তাঁরা জুমের ভেতর থেকে একটি বড় গাছ করাত দিয়ে কেটে ফেলেন। এ সময় মোকামবাড়িসহ আমুলির লোকজন গিয়ে বাধা দিলে দুর্বৃত্তরা তাঁদের হুমকি-ধমকি দিয়ে গাছ নিয়ে চলে যায়। এ নিয়ে আদিবাসীরা ২৯ সেপ্টেম্বর স্থানীয় কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ রহমান আতিকের কাছে লিখিত অভিযোগ দেন।
গত রোববার সকালে আমুলিপুঞ্জির লোকজন তাঁদের তিনটি জুমে কাজ করতে গিয়ে সাড়ে তিন হাজার পানগাছের গোড়া কাটা দেখতে পান। এ ব্যাপারে পুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) প্রত্যুষ আসাক্রা বাদী হয়ে পলাশ ও বাবুলের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। মোকামবাড়িপুঞ্জিতে গাছ চুরিতে বাধা দেওয়ার জের ধরে দুর্বৃত্তরা এ ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
প্রত্যুষ আসাক্রা বলেন, ‘পান চাষ আর পান বেচে আমাদের সংসার চলে। পানগাছের সঙ্গে এ কেমন শত্রুতা! আমরা এই ঘটনার বিচার চাই।’
স্থানীয় একটি সূত্র জানায়, পলাশ ও বাবুল এলাকার সংরক্ষিত বন থেকে গাছ চুরি করেন। ভয়ে এলাকার লোকজন তাঁদের বিরুদ্ধে প্রতিবাদের সাহস পান না।
অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পলাশ ও বাবুলের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
কুলাউড়া থানার ওসি মো. শামসুদ্দোহা গতকাল সোমবার বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।