সাড়ে নয় কেজি সোনার বারসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮২টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রায় সাড়ে নয় কেজি ওজনের ওই সোনার বারগুলো উদ্ধার করা হয়। এর মূল্য প্রায় চার কোটি টাকা।
আটক হওয়া যাত্রীর নাম মোহাম্মদ হোসেইন। বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নগরের পতেঙ্গা থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক সুশান্ত পাল প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে দুবাই থেকে ফ্লাই দুবাই বিমান সংস্থার একটি উড়োজাহাজ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই বিমানে আসা যাত্রী মোহাম্মদ হোসেইনের ওপর নজর রাখা হচ্ছিল। দুপুর ১২টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁকে চ্যালেঞ্জ করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কোমরে থাকা বেল্টের মধ্যে টেপে মোড়ানো অবস্থায় ৮২টি সোনার বার উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, উদ্ধার হওয়া ৮২টি সোনার বারের ওজন নয় কেজি ৫৬৪ গ্রাম। দাম চার কোটি এক লাখ টাকা।