খুন হওয়ার সাড়ে পাঁচ মাস পর মাদারীপুরের মস্তফাপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আক্তার ও হ্যাপি আক্তারের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
পুনরায় ময়নাতদন্তের জন্য উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে লাশ দুটি উত্তোলন করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুদ্দোজা এ সময় উপস্থিত ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গত বছরের ১৩ আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই দুই ছাত্রীকে কয়েকজন বখাটে ধর্ষণের পর হত্যা করে বলে তাদের পরিবার অভিযোগ করে। এ ঘটনায় ১৪ আগস্ট সুমাইয়ার বাবা বিল্লাল সিকদার মাদারীপুর সদর থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন। ধর্ষণের অভিযোগ করা হলেও পুলিশ মামলাটিতে এ অভিযোগ অন্তর্ভুক্ত করেনি। একই বছরের ১৩ সেপ্টেম্বর হ্যাপি আক্তারের মা মুক্তা বেগম মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণের পর ধর্ষণ ও পরে বিষ খাইয়ে হত্যার অভিযোগে মামলা করেন। মামলায় আটজনকে আসামি করা হয়। আসামিরা হলেন রানা নার্গাসি (২১), মেহেদী হাসান (২০), শিপন সিকদার (২০), রফিকুল ইসলাম দরজি (২০), উজ্জ্বল সিকদার (২৫), রকিব সিকদার (২১), সাজন ব্যাপারী ((২০) ও আলামিন হাওলাদার (২০)। আল আমিন হাওলাদার বাদে বাকি সাতজনকেই উভয় মামলাতেই আসামি করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের মধ্যে রানা নার্গাসি কারাগারে আটক রয়েছেন। রকিব সিকদার, শিপন সিকদার ও রফিকুল ইসলাম সম্প্রতি জামিনে মুক্তি পান। মেহেদি হাসান, সাজন ব্যাপারী, উজ্জ্বল সিকদার ও আল আমিন হাওলাদার পলাতক রয়েছেন। বর্তমানে মামলা দুটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। এখন পর্যন্ত মামলার অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ।
বাদীপক্ষের আইনজীবী ইয়াদ মোর্শেদ সজল বলেন, মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে দায়ের করা মামলায় আদালত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গত বছরের ৬ অক্টোবর পুনরায় লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করা হয়। ১৮ অক্টোবর আদালত তা নামঞ্জুর করেন। পরে উচ্চ আদালতে আবেদন করা হয়। ১৩ ডিসেম্বর উচ্চ আদালতের বিচারক এম এনায়েতুর রহিম ও বিচারক আমির হোসাইনের বেঞ্চ ওই দুই ছাত্রীর লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন।
সিআইডির পরিদর্শক বিল্লাল শেখ বলেন, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল লাশ দুটি উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।