রাজধানীতে প্রায় সাড়ে ১০ ঘণ্টার ব্যবধানে দুই ব্যক্তি খুন হয়েছেন। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে শ্যামপুর বৌবাজারে বৃদ্ধ জয়নাল আবেদীনকে (৬০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এর আগে গত বুধবার রাত সাড়ে আটটার দিকে যাত্রাবাড়ীর সুতিখালপাড় এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে খুন হন ঢালাই শ্রমিক আলী আকবর (২৫)।
শ্যামপুরে নিহত জয়নাল ভ্যানচালক। তিনি সপরিবারে শ্যামপুরের বৌবাজারে থাকতেন। পুলিশ বলেছে, গতকাল সকাল সাতটার দিকে তিনি কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। বাসার অদূরে আরেক ভ্যানচালক আলীমুর রশীদ তাঁর পেটে ছুরিকাঘাত করেন। রক্তাক্ত অবস্থায় জয়নালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত করিম বলেন, জয়নালকে তাঁর ভ্যানে এক ব্যক্তির জন্য বালু বহন করতে বলেছিলেন বৌবাজারের ভ্যানচালক আলীমুর রশীদ। জয়নাল তাঁর কথা না শোনায় আলীমুর ক্ষিপ্ত হয়ে তাঁকে হত্যা করেন। আলীমুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জয়নালের বাড়ি ভোলার দৌলতখানে।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, উত্তর যাত্রাবাড়ীর সুতিখালপাড় এলাকায় মঙ্গলবার রাতে সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুটি পক্ষের মধ্যে মারামারি হয়। এর জেরে বুধবার রাত সাড়ে আটটার দিকে রিয়াজুল, ইমরান ও দিদার প্রতিপক্ষের সঙ্গে সুতিখালপাড়ে একটি হোটেলের সামনে আবার মারামারি করে। এ সময় ঢালাই শ্রমিক আলী আকবর থামাতে গেলে আলী আকবরের পেটে ছুরিকাঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় আকবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত পৌনে ১০টার দিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আকবরের বন্ধু হৃদয় ও পারভেজ প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, ইমরান, রিয়াজুল এলাকার জুনিয়র হলেও তাঁরা আকবরের মতো সিনিয়রদের সামনে ধূমপান করেন। এ নিয়ে দুই পক্ষে বিরোধের সূত্রপাত। ইমরানসহ ১০-১২ জন আকবরকে পেটান ও ছুরিকাঘাত করেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে হত্যার ঘটনা ঘটেছে। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আকবরের বাড়ি বরিশালে। তিনি সুতিখালপাড়ে রাব্বীর ঢালাই কারখানায় কাজ করতেন এবং তাঁর বাসায় থাকতেন।
দুজনের অস্বাভাবিক মৃত্যু: গতকাল দুপুরে বাড্ডার পোস্ট অফিস গলির একটি বাড়ির ছাদ থেকে পড়ে শিমু আক্তার (২৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। শ্বশুরবাড়ির লোকেরা বলছেন, বাড়ির ছাদ থেকে পড়ে তিনি মারা যান। তিনি শ্বশুর-শাশুড়ির সঙ্গে পোস্ট অফিস গলিতে থাকতেন। তাঁর স্বামী সৌদি আরবপ্রবাসী কামরুজ্জামান।
শিমুর ননদ সুমি আক্তার জানান, পাঁচ মাস আগে কামরুজ্জামান বিদেশ যান। দুপুরে শিমু ছাদে কাপড় মেলতে গিয়ে হয়তো পড়ে গেছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বলেন, ঘটনাটি সন্দেহজনক হওয়ায় শিমুর দেবর টিটুকে আটক করা হয়েছে।
এদিকে সকালে পুলিশ রূপনগরের দুয়ারীপাড়ায় টিনশেড বাসা থেকে মালেকা বেগম (৪৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে। রূপনগর থানার এসআই সালমান হাসান বলেন, মালেকা ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর বাড়ি শেরপুরের নালিতাবাড়ীর ছায় চাকুরায়।