সাড়ে ১২ কেজি সোনাসহ পাঁচজন গ্রেপ্তার
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গত শনিবার রাতে সাড়ে ১২ কেজি সোনা বহনকারী একটি প্রাইভেট কারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। তাঁরা হলেন মাহমুদুল হাসান ওরফে জাভেদ (৩৭), বিবি ফাতেমা (৩০), মেহেরুননেছা (৪৫), মো. ফোরকান (২৭) ও প্রাইভেট কারের চালক শামসুল আলম (৪৪)।
র্যা ব কর্মকর্তারা বলেন, গ্রেপ্তার হওয়া সৈয়দ মাহমুদুল হাসান সোনা চোরাচালান চক্রের মূল হোতা। অন্য চারজন সহযোগী। তাঁদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়েছে।
র্যা ব সূত্র জানায়, চোরাকারবারিদের সোনার একটি বড় চালান আসছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যা ব-৩-এর একটি দল গত শনিবার রাত সোয়া ১১টার দিকে রামপুরা টিভি ভবনের সামনে অবস্থান নেয়। রাত দেড়টার দিকে সন্দেহজনক একটি প্রাইভেট কার রামপুরা টিভি ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় র্যা ব সদস্যরা পিছু নেন। র্যা বের আরেকটি টহল দলের সদস্যরা খিলগাঁওয়ে খিদমাহ হাসপাতালের সামনে প্রাইভেট কারটির গতিরোধ করেন। পরে তাঁরা কারটির আরোহী বিবি ফাতেমা, মেহেরুননেছা, সৈয়দ মাহমুদুল হাসান, মো. ফোরকান ও প্রাইভেট কারের চালক মো. শামসুল আলমের কাছ থেকে সাড়ে ১২ কেজি ওজনের ১০৮টি সোনার বার উদ্ধার করেন। এ সময় ওই সোনাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, জর্ডান, কাতার ও দুবাইয়ের বিভিন্ন অঙ্কের মুদ্রা উদ্ধার করেন র্যা ব সদস্যরা। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ, চারটি পাসপোর্ট ও সাড়ে ১৫ হাজার টাকা জব্দ করা হয়।
র্যা ব কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা র্যা বের জিজ্ঞাসাবাদে বলেন, বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ (বিজি ২৪) ওমানের মাসকট থেকে চট্টগ্রাম হয়ে গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকায় অবতরণ করে। সৈয়দ মাহমুদ, ফোরকান, মেহেরুননেছা, বিবি ফাতেমাসহ পাঁচজন চট্টগ্রাম থেকে অভ্যন্তরীণ যাত্রী হিসেবে ওই বিমানে ওঠেন। বিমানটি উড্ডয়নের পর একজন আন্তর্জাতিক যাত্রী সোনার বারগুলো মাহমুদদের কাছে তুলে দেন।
র্যা ব-৩-এর পরিচালক লে. কর্নেল খন্দকার গোলাম সারোয়ার বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে বলেছেন, সৈয়দ মাহমুদ চোরাচালান চক্রের মূল হোতা। ভারতীয় বংশোদ্ভূত ইকবাল হোসেন ওমান থেকে সোনার এই চালান বাংলাদেশে তাঁর কাছে পাঠাতেন। তিনি ওই চালান বংশালে একজন সোনা ব্যবসায়ীর কাছে পৌঁছে দিতেন। তবে কার কাছ থেকে সৈয়দ মাহমুদ সোনা গ্রহণ করেছেন এবং বংশালেরর সোনা ব্যবসায়ীর নাম তদন্তের স্বার্থে তিনি জানাতে চাননি।